বাংলাদেশ আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ রিটের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে’র প্রজ্ঞাপন জারি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল দাবির আরজি জানানো হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় ১২ মে’র প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
রিটটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবারের (৭ সেপ্টেম্বর) কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনও ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনও ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।
ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামে এক ব্যক্তি রিটটি দায়ের করেন।









