রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন ১০ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় ১৫ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, ‘১৫ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। পরে ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।’
কারাগারে পাঠানো আসামিরা হলেন— আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম। এর আগে গত ১২ সেপ্টেম্বর আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, এ মামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকায় কয়েকশ লোকের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় ওইদিনই গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।








