জুলাই আন্দোলনে বাড্ডা থানার এসএম আব্দুর রবকে হত্যাচেষ্টার মামলায় কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরীকে (৫৮) গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আসামির পক্ষে কোনও আইনজীবী শুনানি করেননি।
মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে মেরুল বাড্ডা পাকা সড়কে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা ককটেল, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালান।
এতে বাদী এসএম আব্দুর রব (৫৪) গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, তাকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে ডান পায়ে গুলি করা হয়। পরে চাপাতি ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় বাদীসহ প্রায় ৪০ জন ছাত্র ও সাধারণ মানুষ আহত হন। পরে আব্দুর রব দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উচ্চপর্যায়ের নির্দেশনায় দেশজুড়ে হামলা চালানো হয়েছিল। বাড্ডার ওই সহিংসতার ঘটনায় নাসিমুল আলম চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশ ও জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিকে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) সুবিধার্থে তাকে বাড্ডা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।