রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বাদীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান বাবুল রিমান্ডের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষে ঢাকার বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও আবুল কালাম খান রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।
আনোয়ার জাহিদ ভূঁইয়া বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ ভূমিদস্যু। তারা চলাচলের রাস্তাও দখল করে নেয়। এটা একটা পরিকল্পিত মামলা। এ মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, পারভেজ নামক একজনের পকেট থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছেন। তিনি একজন সাবেক মেজর জেনারেল, ডাক্তার মানুষ। আর তিনি ৭ হাজার টাকা নিয়ে যাবেন। মিথ্যা অভিযোগে মামলা। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’
আবুল কালাম খান বলেন, ‘তিনি ঘটনাস্থলে ছিলেন না। মিরপুর সরকারি ডেন্টাল হাসপাতালের ছাত্রদলের জিএস ছিলেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কর্মরত। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’
শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে এ দিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে একই আদালত।
গতকাল বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।