অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

জামাল উদ্দিন
১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০

ভিডিওতে যার মুখ দেখা যাচ্ছে, ভিডিওটি হয়তো তিনি তৈরি করেননি। যে কণ্ঠে টাকা চাওয়া হচ্ছে, সেটিও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি। আবার একটি ভুয়া লিংক কিংবা অনলাইন বিনিয়োগের প্রলোভনে মুহূর্তেই হাতছাড়া হতে পারে সারাজীবনের সঞ্চিত অর্থ। প্রযুক্তির আড়ালে অপরাধীরা যখন প্রতিনিয়ত কৌশল পাল্টাচ্ছে, তখন তাদের শনাক্ত করা, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং ভুক্তভোগীকে দ্রুত প্রতিকার দেওয়াই হয়ে উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে সাইবার অপরাধ দমনে নতুন আইন ও বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন করা হলেও অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলায় রাষ্ট্রের প্রযুক্তিগত ও তদন্ত সক্ষমতা কতটা প্রস্তুত? একই সঙ্গে সাইবার সুরক্ষার নামে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে সাইবার অপরাধের পরিধি এখন আর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, অ্যাকাউন্ট হ্যাকিং কিংবা ব্যক্তিগত ছবি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নেই। অনলাইনে আর্থিক প্রতারণা, পরিচয় জালিয়াতি, ডিপফেক, ব্ল্যাকমেইলিং, তথ্য চুরি এবং প্রযুক্তিনির্ভর সংঘবদ্ধ অপরাধ নতুন মাত্রা যোগ করেছে। অনেক ক্ষেত্রে অপরাধী দেশের বাইরে অবস্থান করে কিংবা বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ সংঘটিত করছে। ফলে প্রচলিত তদন্তপদ্ধতিতে এসব অপরাধের রহস্য উদ্ঘাটন কঠিন হয়ে পড়ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাইবার অপরাধের সবচেয়ে জটিল দিক হচ্ছে অপরাধ সংঘটনের পদ্ধতি এবং অপরাধীর পরিচয় গোপন রাখার সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে ডিজিটাল অর্থ লেনদেন, বিদেশি সার্ভার এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে অপরাধের উৎস শনাক্ত ও প্রমাণ সংগ্রহ আরও জটিল হয়ে উঠছে।

বিশেষ করে আর্থিক প্রতারণার ঘটনায় অভিযোগ পাওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অর্থের গতিপথ শনাক্ত, সংশ্লিষ্ট হিসাবের তথ্য সংগ্রহ এবং ডিজিটাল আলামত সংরক্ষণ করা না গেলে পরবর্তী তদন্তে জটিলতা দেখা দিতে পারে। শুধু অপরাধী গ্রেফতার নয়, ভুক্তভোগীর আর্থিক ক্ষতি কমানো এবং যথাযথ প্রতিকার নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।

ডিজিটাল ফরেনসিক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা শনিবার (৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশে সাইবার অপরাধ মোকাবিলায় নতুন আইন ও বিশেষায়িত পুলিশ ইউনিট গঠন গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে বাস্তবতা হলো, অপরাধীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, ক্রিপ্টোকারেন্সি, ডার্ক ওয়েব এবং আন্তর্জাতিক ডিজিটাল অবকাঠামো ব্যবহার করছে। ফলে শুধু আইন প্রণয়ন কিংবা একটি বিশেষায়িত ইউনিট গঠন করলেই এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো দক্ষ ডিজিটাল ফরেনসিক তদন্তকারী, আধুনিক প্রযুক্তি, দ্রুত ডিজিটাল প্রমাণ সংগ্রহ, আন্তর্জাতিক তথ্য বিনিময় এবং অপরাধ সংঘটিত হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নিশ্চিত করা। বিশেষ করে অনলাইন আর্থিক প্রতারণা, তথ্য চুরি ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় প্রথম কয়েক ঘণ্টার তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, অর্থের গতিপথ শনাক্ত এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সহযোগিতা পাওয়া গেলে তদন্তের কার্যকারিতা অনেক বেড়ে যায়।

তিনি বলেন, সাইবার অপরাধ দমন এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা পরস্পরবিরোধী নয়। অপরাধের সুনির্দিষ্ট সংজ্ঞা, স্বাধীন বিচারিক তদারকি, তদন্তের স্বচ্ছতা এবং ভুক্তভোগীর দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে। কোনও নাগরিকের বৈধ মতামত, সমালোচনা কিংবা সাংবাদিকতাকে যেন সাইবার অপরাধের সঙ্গে এক করে দেখা না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি।

তানভীর হাসান জোহা বলেন, ‘সাইবার অপরাধীকে গ্রেফতার করা নয়, এমন একটি প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা গড়ে তোলা, যেখানে অপরাধী শনাক্ত হবে প্রমাণের ভিত্তিতে, ভুক্তভোগী পাবে প্রতিকার এবং নিরপরাধ নাগরিকের স্বাধীনতা থাকবে সুরক্ষিত।’

নতুন সাইবার পুলিশ ইউনিট, পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে গত ১ অক্টোবর বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী, ইউনিটটিতে মোট ৪ হাজার ৫৯২ জনবলের ব্যবস্থা রাখা হয়েছে। পর্যায়ক্রমে দক্ষ জনবল নিয়োগ, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে সারা দেশে সাইবার অপরাধ তদন্ত ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে। তবে নতুন এই কাঠামো কত দ্রুত কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কারণ, সাইবার অপরাধ তদন্তে শুধু সাধারণ পুলিশি অভিজ্ঞতা যথেষ্ট নয়। প্রয়োজন ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহের দক্ষতা, অনলাইন আর্থিক লেনদেন অনুসন্ধান এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আইনসম্মত উপায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা।

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) সায়েদুর রহমান শনিবার (৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, সাইবার জগতে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে অনেক অপরাধ ঘটছে। এর মধ্যে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে সাময়িক অস্থিরতা তৈরির ঘটনাও রয়েছে। এসব অপরাধের অনেকগুলোই আপাতদৃষ্টিতে অপেক্ষাকৃত হালকা প্রকৃতির হলেও এর মাধ্যমে মানুষের ক্ষতি হচ্ছে। বিদ্যমান সাইবার আইনের আওতায় আমরা এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, সম্প্রতি একটি নতুন সাইবার পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। তবে ইউনিটটি পুরোপুরি কার্যকর করতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনীয় জনবল নিয়োগ, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং ইউনিটটির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেই পদ্ধতি নির্ধারণসহ বিভিন্ন প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি, এসব কার্যক্রম সম্পন্ন হলে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও বাড়বে। আগামী দিনে জনগণকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সাইবার পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

আইনের সংশোধনী নিয়ে টিআইবির উদ্বেগ

গত এপ্রিলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়নের পর নতুন করে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় বেশ কিছু বিধান নিয়ে আপত্তি জানিয়েছে গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, নাগরিক সমাজ ও মানবাধিকারকর্মীরা। বিশেষ করে গুজব, অপতথ্য, মানহানি, রাষ্ট্রের অবমাননা এবং অনলাইনে প্রকাশিত বক্তব্যের সংজ্ঞা ও প্রয়োগের ক্ষেত্রে আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।

গত ১১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির মতে, খসড়ার কিছু বিধান জনগণের মৌলিক মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকি তৈরি করতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, খসড়ায় সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং জনগণের মতপ্রকাশের অধিকার—এই তিনটি পৃথক ও জটিল বিষয়কে একই আইনের আওতায় আনা হয়েছে। এতে কোনও বিষয়েই যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। বরং অস্পষ্ট সংজ্ঞা ও বিধানের অপব্যাখ্যার সুযোগ তৈরি হয়েছে।

সংস্থাটির আপত্তির অন্যতম বিষয় গুজব, অপতথ্য, হেয়প্রতিপন্ন, মানহানিকর এবং রাষ্ট্রের জন্য অবমাননাকর বক্তব্যের সংজ্ঞা। টিআইবির আশঙ্কা, এসব শব্দের অস্পষ্ট ব্যাখ্যা ব্যবহার করে ভিন্নমত দমন কিংবা নাগরিকের স্বাধীন মতপ্রকাশের অধিকার সংকুচিত করার সুযোগ তৈরি হতে পারে।

গণমাধ্যমের সুরক্ষায় সংশোধনের আশ্বাস সরকারের

প্রস্তাবিত আইন নিয়ে গণমাধ্যম ও নাগরিক সমাজের উদ্বেগের মধ্যে গত ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা করে সরকার। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনকে কোনওভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না। কোনও সাংবাদিক কিংবা সংবাদমাধ্যম যাতে আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

গত ৪ নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে কোনও সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়।

এ ছাড়া মানহানি, হেয়প্রতিপন্ন ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা, গুজব ও অপতথ্যের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করা এবং অনলাইন কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানোর বিষয়েও আলোচনা হয়। কোনও সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা এবং আইনে মোবাইল কোর্টের বিধান অন্তর্ভুক্ত না করার বিষয়ও আলোচনায় আসে।

শুধু আইন কঠোর করলেই অপরাধ কমবে না

অপরাধ বিশ্লেষকরা বলছেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর আইন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন অপরাধের উৎস শনাক্ত, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর আস্থা অর্জন। অনেক ক্ষেত্রে অপরাধী গ্রেফতার হলেও প্রতারণার অর্থ উদ্ধার কিংবা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বন্ধ করা কঠিন হয়ে পড়ে। ফলে অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার পাওয়ার ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।

এ ছাড়া সাইবার অপরাধের সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্র, প্রযুক্তিগত জালিয়াতি এবং আন্তদেশীয় যোগাযোগ যুক্ত থাকায় আন্তর্জাতিক তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ। শুধু নতুন ইউনিট কিংবা আধুনিক সরঞ্জাম কেনার মধ্যে সক্ষমতা বৃদ্ধি সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সাইবার অপরাধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অপরাধীরা প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খুব দ্রুত নিজেদের কৌশল বদলে ফেলছে। কিন্তু আমাদের আইন প্রয়োগ ও তদন্তব্যবস্থার সক্ষমতা সেই গতিতে বাড়ছে না। নতুন আইন এবং বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে শুধু আইন কঠোর করা কিংবা জনবল বাড়ালেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ তদন্তকারী, আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা।

‘বিশেষ করে অনলাইন প্রতারণায় অপরাধী গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগীর অর্থ উদ্ধার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাইবার অপরাধ দমনের নামে সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। আইনের কঠোরতার চেয়ে তার যথাযথ প্রয়োগ, তদন্তের সক্ষমতা এবং জবাবদিহিতাই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বেশি গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্টদের মতে, সাইবার অপরাধ দমন ও নাগরিক অধিকার সুরক্ষার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা জরুরি। কারণ, অপরাধ দমনের জন্য প্রণীত কোনও আইন যদি অস্পষ্ট সংজ্ঞা বা অপপ্রয়োগের কারণে বৈধ মতপ্রকাশ, সমালোচনা কিংবা স্বাধীন সাংবাদিকতার জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে সেটি জনআস্থার সংকটও সৃষ্টি করতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
‘বোমা সন্দেহে’ দুধের কৌটা পাহারায় পুলিশ
অস্ত্রের ছবি দেখিয়ে প্রাণনাশের হুমকি-চাঁদাবাজি, কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির
সর্বশেষ খবর
থানার সামনে বিস্ফোরণের পর ভাইরাল ভিডিও, ওসির দাবি চাকা ফেটেছে
থানার সামনে বিস্ফোরণের পর ভাইরাল ভিডিও, ওসির দাবি চাকা ফেটেছে
ভোরে দিল্লি থেকে রওনা, দুপুরেই পাহাড়ের কোলে! যেভাবে যাবেন নৈনিতাল?
ভোরে দিল্লি থেকে রওনা, দুপুরেই পাহাড়ের কোলে! যেভাবে যাবেন নৈনিতাল?
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’