আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। তাদের মধ্যে একজনকে মহাপরিচালক এবং সাত জনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেলের তৃতীয় ও পঞ্চম গ্রেডে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলমকে তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অপর একটি প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে পঞ্চম গ্রেডে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।
পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (ব্যাংক) চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান, প্রধান কার্যালয়ের উপপরিচালক সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুছছায়াদাত এবং মো. ফয়সাল।
পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তার মধ্যে দুজন আগে থেকেই পরিচালকের চলতি দায়িত্ব পালন করছিলেন। অপর পাঁচ জন উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।