নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জেলা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগের পুরনো ভিডিও এবং এআই দিয়ে তৈরি ভুয়া চিত্র ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেন্দারচরে বাস্তবে কোনও বসতিই নেই। সেখানে কোনও সম্প্রদায়ের ওপর হামলা বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, মূল ঘটনার সূত্রপাত হয় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে। বেন্দারচর এলাকায় স্থানীয় রাজনৈতিক দলের (বিএনপি ও অঙ্গসংগঠনের) নেতাকর্মীদের গণসংযোগ ও গণসমাবেশ চলাকালে দুই নেতার ওপর হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন— কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ বেন্দারচর এলাকার বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) আটক করে। পরে শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে ওই এলাকায় পুনরায় উত্তেজনা দেখা দিলে কালিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলেও জানানো হয়েছে।