নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 

জামাল উদ্দিন ও সুজন কৈরী
২১ নভেম্বর ২০২৬, ২১:৩৫ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৩৫

অপরাধ ঘটার পর অভিযান নয়। এবার অপরাধ ঘটার আগেই প্রতিরোধ গড়ে তুলতে চায় সরকার। রাজপথে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, থানা ও সরকারি স্থাপনায় হামলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বদলে যাচ্ছে সরকারের কৌশল। শুধু গ্রেফতার কিংবা অতিরিক্ত বাহিনী মোতায়েন নয়, নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক নির্দেশনায় স্পষ্ট হয়ে উঠেছে কঠোর অবস্থানের বিষয়টি। তবে এই কঠোরতা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে আগাম গোয়েন্দা তথ্য, বাহিনীগুলোর সমন্বিত তৎপরতা এবং নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার সক্ষমতার ওপর।

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক ঘটনায় সরকারের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণ করে জনজীবনে স্বস্তি ফেরানো।

দ্বিতীয়ত, চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। সরকারের কঠোর অবস্থান কেবল রাজনৈতিক সহিংসতা দমনের মধ্যে সীমাবদ্ধ থাকলে জননিরাপত্তার দীর্ঘমেয়াদি সংকট কাটবে না বলেও মনে করছেন তারা।

কেন কঠোর হচ্ছে সরকার?

নভেম্বরের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। কোথাও যাত্রীবাহী বাসে আগুন, কোথাও রেলপথে অগ্নিসংযোগ, আবার কোথাও থানা, পুলিশের যানবাহন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ককটেল হামলা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতি জটিল করে তলেছে। এরইমধ্যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানান, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া, পুলিশের ৪টি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, ৩টি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং ১টি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। এ সকল ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের এবং ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে ককটেল বিস্ফোরণের তুলনায় নভেম্বরের প্রথম ২০ দিনে বিস্ফোরণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে রাজধানী ও কয়েকটি ঝুঁকিপূর্ণ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন, তল্লাশি চৌকি স্থাপন এবং সন্দেহজনক তৎপরতার ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কঠোর বার্তা, জবাবদিহির নির্দেশ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত ১৫ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিজ নিজ নির্বাচনি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তার সঙ্গে পুলিশের নিরপেক্ষ ভূমিকা এবং জনগণের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগেও পুলিশকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আপনারা আইনের লোক, কোনো বিশেষ দলের নন। অপরাধীর রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী অবস্থান বিবেচনা না করে আইনি পদক্ষেপ নিতে হবে।’’ একইসঙ্গে পুলিশকে জনগণের আস্থা অর্জন, নিরপরাধ মানুষকে হয়রানি না করা এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান, কাউকে ছাড় নয়

সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় একাধিকবার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে নাশকতাকারীদের পরিচয় প্রসঙ্গে তার বক্তব্য ছিল, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’

পরবর্তী সময়ে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘হামলাকারীদের ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড পর্যালোচনা করে শনাক্ত করা হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’’ একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নির্বিচারে বলপ্রয়োগের পরিবর্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে সালাহউদ্দিন আহমদ আরও বলেছিলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনও ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

আইজিপির নির্দেশ, প্রকৃত অপরাধীদের ধরতে হবে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মাঠপর্যায়ের কর্মকর্তাদের নাশকতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। গত ১০ নভেম্বর পুলিশ সদর দফতরের বৈঠকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা এবং মাঠপর্যায়ের হামলাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানের নামে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আইজিপি আলী হোসেন ফকির আবারও কঠোর আইনানুগ পদক্ষেপের বার্তা দেন। ভবিষ্যতে নাশকতা মোকাবিলায় বাহিনী আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘‘আইন এবং সংবিধান অনুযায়ী যা দরকার সব করা হবে।’’

আইজিপি স্থানীয় শান্তিপ্রিয় মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানান। একই দিন গোপালগঞ্জে সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নাশকতায় জড়িতদের শনাক্ত করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি বিবেচনায় কৌশলী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। এ ধরনের অবস্থান থেকে ধারণা করা যায়, বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমে কঠোরতা বাড়লেও নির্বিচারে গ্রেফতার কিংবা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের পরিবর্তে তথ্যভিত্তিক অভিযানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা চলছে।

এর আগে ২০ নভেম্বর গোপালগঞ্জের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন আইজিপি আলী হোসেন ফকির, এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তাদের সফরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের বিষয়টি গুরুত্ব পায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও অন্যান্য বাহিনীর সমন্বিত তৎপরতা বাড়ানো হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছেন বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিরাপত্তা জোরদারে মাঠে আনসারের ৫৩ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো নাজমুস সাকিব জানান, সাত জেলায় বর্তমানে ৪৯ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে ৫ এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে মোতায়েন রয়েছে। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহে আরও ৪ প্লাটুন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে মোট মোতায়েন ও পরিকল্পিত সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে।

তিনি জানান, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, কারাগার, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা এবং যান চলাচল স্বাভাবিক করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। কয়েকটি এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন আনসার সদস্যরা। জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালানো হচ্ছে।

এসআরবির যৌথ টিম

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘কেউ কোনও সহিংসতা ঘটানোর চেষ্টা করলে সেগুলোকে রুখে দিতে আইন অনুযায়ী যা যা করা দরকার এসআরবি তাই করবে।’’ তিনি জানান, গোপালগঞ্জে এসআরবি-৬ ও এসআরবি-১০ ব্যাটালিয়নের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ টিম দায়িত্ব পালন করছে।

অন্যদিকে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি, তল্লাশি চৌকি স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের নির্দেশনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাতের টহল ও তদারকি জোরদার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, দিনে ও রাতে চেকপোস্ট ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ জানিয়েছেন, নাশকতা ও নৈরাজ্য কোনোভাবেই সহ্য করা হবে না। অধস্তন কর্মকর্তাদেরও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজধানীতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের পরিসংখ্যানেও তৎপরতা বৃদ্ধির চিত্র পাওয়া যাচ্ছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বরের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ৫৩৭ জন, ২০ নভেম্বরের প্রতিবেদনে ৪৭৪ জন এবং ২১ নভেম্বরের প্রতিবেদনে ২৯৯ জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে। তবে এসব গ্রেফতারের সবগুলোই সাম্প্রতিক নাশকতার ঘটনায় নয়। নিয়মিত অপরাধ দমন ও বিভিন্ন মামলার আসামি গ্রেফতারও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, ককটেল বহনকারী কিংবা যানবাহনে আগুন দেওয়া ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি বিস্ফোরক তৈরির স্থান, সরবরাহের পথ, অর্থের উৎস এবং নির্দেশদাতাদের শনাক্ত করা জরুরি। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, ডিজিটাল যোগাযোগ ও ফরেনসিক আলামতের কার্যকর ব্যবহার করতে হবে। একই সঙ্গে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযোগপত্র দেওয়া এবং আদালতে প্রমাণ উপস্থাপনের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। কারণ, শুধু গ্রেফতারের সংখ্যা বাড়িয়ে অপরাধ দমনের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করা সম্ভব নয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
সাভার-আশুলিয়ায় পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ৫ শ্রমিক নেতাসহ গ্রেফতার ৯৬
সর্বশেষ খবর
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
‘গোপালগঞ্জে মানুষের প্রয়োজন না হলে সরকার সেখানে থানা রাখবে না’
‘গোপালগঞ্জে মানুষের প্রয়োজন না হলে সরকার সেখানে থানা রাখবে না’
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন