৬৯ বছরেও ডিম্পল কাপাডিয়ার ঝলমলে চুল, রহস্য জানালেন নিজেই

জীবনযাপন ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯

বয়স ৬৯ পেরিয়েছে, তবু ডিম্পল কাপাডিয়ার ঘন, ঝলমলে চুল এখনও নজর কাড়ে। সম্প্রতি ‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত উপস্থিতির পাশাপাশি বিশেষভাবে আলোচনায় এসেছে সুন্দর চুল। কীভাবে এত বছর ধরে চুলের এই জেল্লা ধরে রেখেছেন অভিনেত্রী? এর পেছনে রয়েছে নিয়মিত তেল দেওয়া, ঘরোয়া হেয়ার প্যাক, সুষম খাবার এবং কিছু পুরোনো অভ্যাস।

২০০১ সালের জনপ্রিয় সিনেমা ‘দিল চাহতা হ্যায়’-এ বিষণ্ণ ও মদ্যপ শিল্পী তারা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন ডিম্পল। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্না অভিনীত আকাশ, সমীর ও সিদ্ধের গল্পের কেন্দ্রীয় তিন বন্ধুর অংশ না হয়েও ‘তারা’ চরিত্রে নিজের আলাদা ছাপ রেখেছিলেন তিনি।

সম্প্রতি সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফের নজর কাড়ে তাঁর চুল। আর এই চুলের যত্নের রহস্য নিয়ে আগেই কথা বলেছিলেন ডিম্পল।

ভারতের ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিম্পল জানিয়েছিলেন, চুলের যত্নে নিয়মিত তেল দেওয়ার ওপর তাঁর আস্থা রয়েছে। রাতে ঘুমানোর আগে চুলে তেল লাগান তিনি। এরপর ঘরে তৈরি হেয়ার প্যাক দিয়ে মাথায় ম্যাসাজ করেন।

তাঁর সেই হেয়ার প্যাক তৈরি হয় ডিম ও কলা দিয়ে। এতে থাকে পাঁচটি ডিমের সাদা অংশ, একটি সম্পূর্ণ ডিম এবং একটি কলা। প্যাকটি ১০ থেকে ৩০ মিনিট চুলে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলেন তিনি।

২০২১ সালের ওই সাক্ষাৎকারে ডিম্পল তাঁর বিশেষ হেয়ার অয়েলের উপকরণও শেয়ার করেছিলেন। আমন্ড অয়েল ও চন্দন তেলকে মূল উপাদান হিসেবে ব্যবহার করেন তিনি। এর সঙ্গে মেশান জেরানিয়াম, রোজমেরি ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল।

ডিম্পলের ভাষায়, “চুলে তেল দাও এবং চুলে রং করো না”— এটাই তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর চুলের যত্নের ঐতিহ্য হিসেবে দিয়ে যেতে চান।

চুলের স্বাস্থ্য ভালো রাখতে খাবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডিম্পল। ছোটবেলায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেড়ে ওঠার সময় প্রচুর মাছ খেতেন তিনি। তাঁর ধারণা, এটিও তাঁর চুলের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তাঁর পরামর্শ, খাবারের তালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখা, সুষম খাবার খাওয়া এবং বীজ ও বাদাম অন্তর্ভুক্ত করা উচিত।

চুলের যত্নে পেঁয়াজের রসও ব্যবহার করেছেন ডিম্পল। তবে এ নিয়ে তাঁর একটি মজার অভিজ্ঞতাও রয়েছে।

তিনি জানান, বছর দুয়েক আগে সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে ভ্রমণের সময় চুলে প্রচুর পেঁয়াজের রস লাগিয়েছিলেন। গন্ধ এতটাই তীব্র ছিল যে চারবার শ্যাম্পু করার পরও তা দূর হয়নি।

ভেজা চুল শুকানোর জন্য গাড়ির জানালা খুলে দেওয়ার পর পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। পেঁয়াজের ঝাঁঝে গাড়ির ভেতরে থাকা সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ডিম্পল বলেন, চুলের জন্য পেঁয়াজের রস উপকারী হলেও এখন বাজারে পাওয়া পেঁয়াজের নির্যাসযুক্ত তেল ব্যবহার করাই তুলনামূলক ভালো বিকল্প।

ছোটবেলা থেকেই তেল দেওয়ার অভ্যাস

শৈশবের চুলের যত্নের কথাও স্মরণ করেছেন ডিম্পল। স্কুলে যাওয়ার সময় চুলে প্রচুর তেল দিয়ে সিঁথি করে শক্ত করে দুটি বেণি করে দিতেন তাঁর মা। এটি ছিল স্কুলের নির্ধারিত চুলের স্টাইল।

ডিম্পল জানান, ছোটবেলা থেকেই চুলে তেল দেওয়ার অভ্যাস ছিল তাঁর। বরাবরই তাঁর চুল শুষ্ক, ঘন ও খসখসে ধরনের। তাই নিয়মিত তেল দেওয়ার অভ্যাস তাঁর চুলের যত্নে উপকার করেছে বলে মনে করেন তিনি।

তবে বছরের পর বছর পেশাদারভাবে চুলের যত্ন ও স্টাইলিংয়েরও ভূমিকা রয়েছে বলে স্বীকার করেন এই অভিনেত্রী। তাঁর মতে, এসব যত্নের কারণেই চুলে সেই ঝলমলে ও চকচকে ভাব এসেছে।

ডিম্পল কাপাডিয়ার মতো চুলের জিন পাওয়ার সৌভাগ্য সবার নাও থাকতে পারে। তবে নিয়মিত চুলের যত্ন, সুষম খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস থেকে অনুপ্রেরণা নেওয়া যেতেই পারে।

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
চুলের যত্নে দামি প্রসাধনী নয়, ডায়েটে রাখুন একটি জিনিস
বর্ষায় কি চুল বেশি পড়ে? বিশেষজ্ঞকে প্রশ্ন করলেন সোহা আলী খান
বর্ষায় চুলকানি-খুশকি দূরে রেখে চুল রাখুন ঝলমলে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা