শাড়িতে বাঙালি সাজ ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির ভক্তদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণ। কখনও জমকালো সাজে, কখনও আবার একেবারে ছিমছাম লুকে ধরা দেন তিনি। তাঁর পোশাক ও সাজের নানা মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে আলোচনা। এবার শরতের আবহে শিউলি ফুলের নকশা করা কমলা শাড়িতে ধরা দিয়ে অনুরাগীদের নজর কাড়লেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিতে তাঁকে দেখা গেছে হালকা কমলা রঙের শাড়িতে। শাড়িজুড়ে শিউলি ফুলের প্রিন্ট, যা শরতের চেনা আবহকে মনে করিয়ে দেয়। শাড়ির নকশা ও রং দুইয়ের মধ্যেই ছিল স্নিগ্ধতার ছোঁয়া। তবে সাজে একটু জমকালো মাত্রা যোগ করেছে তাঁর ব্লাউজ। শাড়িটি সাদামাটা হলেও ব্লাউজের কারুকাজ ছিল বেশ নজরকাড়া। সাধারণ শাড়ির সঙ্গে নকশাদার ব্লাউজের এই সমন্বয়েই তৈরি হয়েছে তাঁর সাজের বিশেষ আকর্ষণ।
অলংকার বাছাইয়েও ছিল রুচির ছাপ। গলায় পরেছিলেন হিরার হার, কানে ছিল তার সঙ্গে মানানসই দুল। কপালে ছোট্ট কমলা টিপ শাড়ির রঙের সঙ্গে তৈরি করেছে সুন্দর সামঞ্জস্য। মেকআপেও অতিরিক্ত চাকচিক্য রাখেননি অভিনেত্রী। হালকা বেস, স্বাভাবিক সাজ আর ঠোঁটে নরম রঙের লিপস্টিক। সব মিলিয়ে তাঁর মেকআপ ছিল বেশ পরিমিত। চোখে-মুখে ছিল স্বাভাবিক স্নিগ্ধতা।
চুলের সাজেও রেখেছিলেন সরলতার ছোঁয়া। সামনের কিছু চুল পেছনে বেঁধে বাকিটা খোলা রেখেছিলেন। এতে পুরো সাজে এসেছে সাবলীল সৌন্দর্য। ভারী গয়না বা অতিরিক্ত মেকআপের বদলে শাড়ি, ব্লাউজ আর ছোট ছোট অনুষঙ্গকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
পরীমণির এই শরতের সাজ দেখে মুগ্ধ ভক্তরাও। ছবিগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ তাঁকে আকাশ থেকে নেমে আসা পরির সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার লিখেছেন, ‘তুমি সত্যিই পরী ম্যাম!’ আরেক অনুরাগীর মন্তব্য, তাঁর রূপ যেন সূর্যের চেয়েও উজ্জ্বল।
শিউলি ফুলের নকশা করা কমলা শাড়ি আর সাবেকি সাজে পরীমণি আবারও বুঝিয়ে দিলেন, বাঙালি সাজে নজর কাড়তে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। রং, নকশা আর মানানসই অনুষঙ্গের সংমিশ্রণই যথেষ্ট।