রাজধানীর হাজারীবাগে ব্লেন্ডার মেশিন বিস্ফোরণে এক নারীর মৃত্যু এবং আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় গৃহস্থালির এই পরিচিত বৈদ্যুতিক যন্ত্রের নিরাপদ ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি করেছে। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বটতলার একটি ফ্ল্যাটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে বাসার জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
রান্নাঘরে ব্যবহৃত ব্লেন্ডার সাধারণত ফল, সবজি, মসলা কিংবা তরল খাবার মিশিয়ে বা পিষে নিতে কাজে লাগে। তবে যন্ত্রটির ভুল ব্যবহার, যান্ত্রিক ত্রুটি কিংবা বৈদ্যুতিক সমস্যায় দুর্ঘটনা ঘটতে পারে। কোনও কোনও ক্ষেত্রে জারের ভেতরে চাপ তৈরি হয়ে ঢাকনা খুলে যাওয়া বা জার ফেটে যাওয়ার ঘটনাও ঘটতে পারে।
কেন বিস্ফোরিত হতে পারে ব্লেন্ডার?
ব্লেন্ডার বিস্ফোরণ বা জার ফেটে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত তাপ ও চাপ তৈরি হওয়া। বিশেষ করে গরম খাবার বা তরল বন্ধ ঢাকনাযুক্ত জারে ব্লেন্ড করলে ভেতরে বাষ্প জমে চাপ বাড়তে পারে। এ অবস্থায় ঢাকনা খুলে যাওয়া কিংবা জার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া জারের নির্ধারিত ধারণক্ষমতার বেশি উপাদান ভরা, দীর্ঘ সময় একটানা চালানো এবং অতিরিক্ত ঘন খাবার ব্লেন্ড করার কারণে মোটরের ওপর চাপ পড়ে। এতে মোটর অতিরিক্ত গরম হতে পারে।
জার বা ব্লেডের সংযোগস্থলে ফাটল, ঢাকনার ত্রুটি এবং নিম্নমানের যন্ত্রাংশও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকলেও বিপদ ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত তার, প্লাগ বা সকেট থেকে শর্টসার্কিট, স্পার্ক কিংবা আগুন লাগার আশঙ্কা থাকে। তবে হাজারীবাগের ঘটনায় এসবের কোনটি ঘটেছে, তা তদন্ত বা কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
দুর্ঘটনা এড়াতে যেসব সতর্কতা জরুরি
ব্লেন্ডার ব্যবহারের আগে প্রস্তুতকারকের নির্দেশনা পড়ে নেওয়া জরুরি। জারের সর্বোচ্চ ধারণক্ষমতার সীমা অতিক্রম করা যাবে না। গরম খাবার ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নিতে হবে। যন্ত্রটির নির্দেশনায় অনুমতি না থাকলে গরম তরল ব্যবহার করা উচিত নয়। একবারে বেশি উপাদান না দিয়ে কয়েক ধাপে ব্লেন্ড করা নিরাপদ। দীর্ঘ সময় একটানা চালানো থেকে বিরত থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী বিরতি দিয়ে মোটর ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে।
ব্যবহারের আগে জার, ঢাকনা, ব্লেড ও সংযোগস্থলে ফাটল বা অন্য কোনও ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা দরকার। ব্লেন্ডার চালু থাকা অবস্থায় ঢাকনা খোলা কিংবা হাত বা অন্য কোনও সরঞ্জাম জারের ভেতরে প্রবেশ করানো উচিত নয়। খাবার আটকে গেলে প্রথমে যন্ত্রটি বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। পোড়া গন্ধ, ধোঁয়া, অস্বাভাবিক শব্দ বা স্পার্ক দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত যন্ত্র মেরামত না করে পুনরায় চালানো উচিত নয়।
সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনা
ব্লেন্ডার রান্নাঘরের পরিচিত ও প্রয়োজনীয় যন্ত্র হলেও এর ব্যবহারবিধি না মানলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যন্ত্রের ত্রুটি দেখা দিলে নিজে মেরামতের চেষ্টা না করে দক্ষ কারিগরের সহায়তা নেওয়া উচিত। একই সঙ্গে মানসম্মত পণ্য কেনা এবং নিয়মিত যন্ত্রাংশ পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ।