গরম ভাতের সঙ্গে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে আম পোড়া মুরগি হতে পারে দারুণ একটি পদ। কাঁচা আমের টক, মধুর হালকা মিষ্টি আর পোড়া মশলার ধোঁয়াটে ঘ্রাণ—সব মিলিয়ে এটি তৈরি করে এক অনন্য স্বাদ। সহজ উপকরণে ঘরেই বানানো যায় এই মুখরোচক ও ব্যতিক্রমী মুরগির রেসিপি। চলুন জেনে নেই রান্নার পদ্ধতি-
উপকরণ
মুরগির মাংস– ১ কেজি
কাঁচা আম– ২টি
কাঁচা মরিচ– কয়েকটি
শুকনা মরিচ– ২–৩টি
রসুন– ৬–৮ কোয়া (একটু বেশি)
আদা– ১ টেবিল চামচ
মধু– ২–৩ টেবিল চামচ
কাসুন্দি– ১–২ টেবিল চামচ
হলুদ গুঁড়া– পরিমাণমতো
মরিচ গুঁড়া– পরিমাণমতো
ধনিয়া গুঁড়া– পরিমাণমতো
জিরা গুঁড়া– পরিমাণমতো
সরিষার তেল– প্রয়োজনমতো
পেঁয়াজ কুচি – ১ কাপ
গোটা গরম মসলা– (দারুচিনি, এলাচ, লবঙ্গ)
লবণ– স্বাদমতো
ধনে পাতা কুচি– সামান্য
প্রস্তুত প্রণালী
ধাপ ১: আম পোড়া প্রস্তুত
কাঁচা আম ও কাঁচা মরিচ আগুনে পুড়িয়ে নিন। ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে শাঁস বের করুন।
ধাপ ২: মশলার পেস্ট
পোড়া শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন ও আদা একসঙ্গে মিহি করে পেস্ট বানান। এতে মধু ও কাসুন্দি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মধু আমের টক ব্যালেন্স করবে।
ধাপ ৩: মুরগি মেরিনেট
মুরগির মাংসে ২–৩ চামচ আমের মিশ্রণ দিন। সাথে দিন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ।ভালোভাবে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।
ধাপ ৪: রান্না
কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। মেরিনেট করা মাংস দিয়ে ১৫ মিনিট কষিয়ে নিন।
ধাপ ৫: স্টক তৈরি
আলাদা পাত্রে পানি নিয়ে গোটা গরম মসলা দিয়ে ফুটান। পানি হালকা হলুদ হলে ছেঁকে নিন।
ধাপ ৬: ফাইনাল রান্না
সেই মসলা পানি মাংসে ঢেলে দিন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ওপরে কাঁচা মরিচ কুচি ও ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিন।
ধাপ ৭: পরিবেশন
গরম ভাত বা সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এই টক-ঝাল-হালকা মিষ্টি স্বাদের ভিন্নধর্মী আম পোড়া মুরগি।









