মাকড়সা দেখলেই কি ভয় লাগে? ঘরের কোণে, জানালার পাশে বা আসবাবের আড়ালে আট পা-ওয়ালা এই প্রাণীর উপস্থিতি অনেকের কাছেই বিরক্তিকর। তবে মাকড়সা তাড়াতে সব সময় রাসায়নিক স্প্রে বা কঠিন কোনও পদ্ধতির প্রয়োজন নেই। ঘরেই রাখা একটি সাধারণ গাছ হতে পারে এর সহজ সমাধান।
বিশেষজ্ঞদের মতে, মাকড়সা প্রকৃতির জন্য উপকারী হলেও ঘরের ভেতরে তাদের আনাগোনা অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই সমস্যা কমাতে সাহায্য করতে পারে পুদিনা গাছ।
মাকড়সা দেখলেই মারতে যাবেন না
ঘরে মাকড়সা ঢুকলেই অনেকে জুতা, বই বা অন্য কিছু দিয়ে সেটিকে মেরে ফেলার চেষ্টা করেন। তবে এটি সব সময় কার্যকর সমাধান নয়। আবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মাকড়সা পরিষ্কার করলেও অনেক সময় তা পুরোপুরি দূর হয় না।
তাই মাকড়সার সঙ্গে লড়াই না করে বরং এমন ব্যবস্থা নেওয়া ভালো, যাতে তারা ঘরের পরিবেশই এড়িয়ে চলে।
পুদিনার গন্ধেই কী দূরে থাকে মাকড়সা
মাকড়সা তাড়ানোর একটি জনপ্রিয় ঘরোয়া উপায় হলো পুদিনা গাছ রাখা। পুদিনার তীব্র সুগন্ধ অনেক পোকামাকড়ের কাছে অপছন্দনীয়। ফলে এই গন্ধের কারণে মাকড়সা সাধারণত পুদিনা গাছের কাছাকাছি থাকতে চায় না।
শুধু মাকড়সাই নয়, পুদিনার গন্ধ মশা ও কিছু অন্যান্য পোকামাকড় দূরে রাখতেও সহায়ক হতে পারে।
একটি নয়, রাখুন একাধিক পুদিনা গাছ
শুধু একটি পুদিনা গাছ পুরো বাড়িকে মাকড়সামুক্ত রাখার জন্য যথেষ্ট নাও হতে পারে। ভালো ফল পেতে বাড়ির বিভিন্ন জায়গায়, বিশেষ করে জানালার পাশে, বারান্দায় বা যেখানে মাকড়সার আনাগোনা বেশি, সেখানে একাধিক পুদিনা গাছ রাখা যেতে পারে।
এর বাড়তি সুবিধাও রয়েছে। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পুদিনার তাজা পাতা দিয়ে তৈরি করা যায় সুগন্ধি পুদিনা চা।
মাকড়সা দূরে রাখতে আরও কিছু সহজ উপায়
ঘর থেকে মাকড়াসা তাড়াতে আরও কিছু সহজ উপায় প্রয়োগ করতে পারেন। যেমন, ঘরের কোণ, জানালা ও দরজার আশপাশ নিয়মিত পরিষ্কার রাখুন। দেয়াল বা জানালার ফাঁক-ফোকর থাকলে তা বন্ধ করে দিন। পুরোনো কাগজ, বাক্স বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। নিয়মিত ধুলো পরিষ্কার করুন, যাতে মাকড়সা জাল তৈরির সুযোগ না পায়। পুদিনার পাশাপাশি ল্যাভেন্ডার বা ইউক্যালিপটাসের মতো সুগন্ধযুক্ত গাছও রাখতে পারেন।
ছোট্ট একটি পুদিনা গাছ শুধু ঘরের সতেজতা বাড়াবে না, পাশাপাশি কমাতে পারে মাকড়সার আনাগোনাও। তাই ঘরকে প্রাকৃতিকভাবে পরিষ্কার ও আরামদায়ক রাখতে এই সহজ কৌশলটি কাজে লাগিয়ে দেখতে পারেন।









