পাজুতো ।। আবু হেনা মোস্তফা এনাম

.
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৯

পাজুতো ।। আবু হেনা মোস্তফা এনাম
আমার একজোড়া জুতো ছিল।
মা বলে, জন্মের সময় পেট চিরে প্রথমেই বেরিয়ে এসেছিল আমার লালচেগোলাপি পা দুটো। আর আমার পা দেখে আনন্দে জ্ঞান হারাতে হারাতে মার চোখে অশ্রু।
সবাই বলেছিল, সম্পূর্ণ ‘আমি’র চাইতে আমার পা দুটোই নাকি সবচেয়ে সুন্দর, চঞ্চল। পায়ে পা ঘষছি, শূন্যে ছুড়ে দিচ্ছি, বাতাসে লাফিয়ে তখনই নাকি দৌড়ুচ্ছি।
পা শক্ত আর মজবুত করে হাঁটতে শেখার বয়সে মা আমার পায়ে ছাই রঙের জুতো পরিয়ে দিয়েছিল। তারপর থেকে আমি আমার যৌবনের এই মধ্যবয়সে অনেক-অনেককাল যাপনের পরও জুতোজোড়া পা থেকে খুলিনি। আমার অনেকগুলো ভাইবোন আঁতুড়েই লাশ হয়ে গেলে আমিই ছিলাম বেঁচে। তাই মা আমাকে চোখের আড়াল করতে চায়নি কখনো। পথে পাথরের চোখা টুকরো, কাঁটা অথবা মরিচা ধরা পেরেক যেন আমার পায়ে ফুটে না যায়—এসব নিয়ে মায়ের ছিল রাজ্যের দুশ্চিন্তা। এভাবেই, সেই হাঁটতে শেখার কাল থেকে পা আর জুতোর মধ্যে পার্থক্যের বোধ আমি হারিয়ে ফেলেছিলাম। জুতোজোড়া পায়ের সঙ্গে এমনভাবে এঁটো থাকত, তারা যেন আমার পায়েরই জীবন্ত অংশ।
যেদিন প্রথম আমি ঘর ছেড়ে উঠোনে নামি, মাটির গন্ধ আর ধূলিরেণু আমার জুতোয় জড়িয়ে যায়। মাটির গন্ধ জুতোর ভেতর পা বেয়ে আমার শরীরে ছড়িয়ে পড়ে। মাটির গন্ধের ভেতর লেগে ছিল মায়ের শরীরের ঘাম, জন্মের পর এই গন্ধেই আমি বেঁচে উঠেছিলাম কিনা! ঘামের ভেতর ধানের গন্ধ, আর উঠোনে ধূলির মিছিল যেন সূর্যের জ্যোৎস্না।
বাবা ক্ষেত থেকে ফিরে আমার ধুলোমাখা পায়ে চুমু খেত। বাবার শরীরে ঘামের গন্ধের সঙ্গে ধান আর ধুলোর গন্ধ।
আমি যৌবনে পা রাখতে রাখতে আমার জুতো হাজারটা জোড়াতালি দিতে হয়, যেন একখণ্ড মানচিত্র। ঘাম, ধান আর ধুলোর গন্ধ হাজারটা তালিমারা জুতোর ভেতর আমার পা বেয়ে শরীরে ছড়িয়ে পড়লে আমি পথে নামি। দেখি পথের ধূলিমিছিলে বাবার ঘাম আর ধানের গন্ধ। একদিন আমার পা মিছিলের সঙ্গে চলে গেছে দূরে দূরে। পা দুটো তারপর থেকে কোনোদিন আর খুঁজে পায়নি আমার মা।
উঠোনে মায়ের ধুলো-ধুলো চোখের ভেতর পড়ে ছিল কেবল আমার জুতোর ছায়াগন্ধ।

আরো পড়ুন—

খেলা ।। সাদাত হোসাইন

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী