কী-নোট বক্তৃতা, প্লেনারি অধিবেশন, বিশেষ বাংলা পর্ব এবং দুটি সৃজনশীল গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শেষ হয়েছে সিটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন ‘ব্রিজিং কালচারস: অ্যাডভান্সড ডিসকোর্সেস (আইসিবিসি ২০২৬)’। বৃহস্পতিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের (বিএসকে) অডিটোরিয়ামে দিনব্যাপী সমাপনী সরাসরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও বুদ্ধিজীবীরা অংশ নেন।
সমাপনী দিনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ইমেরিটাস অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস। সঞ্চালনা করেন সম্মেলনের চেয়ার অধ্যাপক ড. রহমান ম. মাহবুব।
দিনের অধিবেশনগুলোতে কী-নোট বক্তৃতা দেন অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার, অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস, অধ্যাপক ড. সামসাদ মূর্তজা এবং অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন। এ ছাড়া প্লেনারি অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক ড. মাসউদ আখতার, অধ্যাপক ড. সরকার হাসান আল জায়েদ, শাহনাজ পারভিন, টিনা নন্দী, অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. লাইজু নাসরিন, অধ্যাপক ড. মোহিত উল আলম, অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান, অধ্যাপক ড. রেজাউল ইসলাম (শামীম রেজা), অধ্যাপক রোকসানা চৌধুরী, কথাসাহিত্যিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন ও অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি।
কী-নোট বক্তৃতায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক বিদ্যার সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার। ‘The Architecture of Synergy: Bridging Cultures of Science, Liberal Arts, and Human Purpose in the AI Era’ শীর্ষক বক্তৃতায় তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনকে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করতে বিজ্ঞান ও লিবারেল আর্টসের মধ্যে কার্যকর সেতুবন্ধন প্রয়োজন।
অন্যদিকে, ‘Translating Nikos Kazantzakis through a Second Language’ শীর্ষক বক্তৃতায় অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস গ্রিক সাহিত্যিক নিকোস কাজানজাকিসের রচনা ইংরেজিকে মধ্যবর্তী ভাষা হিসেবে ব্যবহার করে বাংলায় অনুবাদের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করেন। অনুবাদকে কেবল ভাষান্তর নয়, স্বতন্ত্র সৃজনশীল সাহিত্যিক চর্চা হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেন তিনি।
অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন তার ‘Orature Meets Cyberture: How the Once-Homebody Gen is Riding the Digital Seascape’ শীর্ষক বক্তৃতায় জেনারেশন জি-এর ডিজিটাল যোগাযোগ, মৌখিক ঐতিহ্য, সাইবার সাহিত্য ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অভিব্যক্তির পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। ডিজিটাল সংস্কৃতিতে তরুণদের সৃজনশীলতা, প্রতিরোধ ও সামাজিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বুঝতে প্রজন্মগত সংলাপের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
প্লেনারি অধিবেশনে বাংলাদেশের উত্তর-ঔপনিবেশিক বাস্তবতায় ইংরেজি ভাষা ও সাহিত্যচর্চার সামাজিক, রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. মাসউদ আখতার। ‘Doing English in Bangladesh: Socio-Political and Ethical Questions’ শীর্ষক বক্তব্যে তিনি বাংলা-ইংরেজি সম্পর্ক, ঔপনিবেশিক স্মৃতি, ভাষাগত আধিপত্য এবং শিক্ষার নৈতিক দায়বদ্ধতা বিশ্লেষণ করেন। ইংরেজি শিক্ষাকে কেবল পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে সামাজিক ন্যায়বিচার ও উপনিবেশমুক্ত চিন্তার বিকাশের ক্ষেত্র হিসেবেও বিবেচনার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের পাঠ্যপুস্তক ও জাদুঘরে জাতীয়তাবাদী ইতিহাস নির্মাণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন প্রত্নতত্ত্বের অধ্যাপক অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান । ‘Mnemonic Hegemony and the Hyperreal Past: Problematising Institutionalised Nationalism in Bangladesh's Textbooks and Museums’ শীর্ষক প্লেনারি বক্তব্যে তিনি দেখান, প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চায় আদিবাসী জনগোষ্ঠী, বিহারি সম্প্রদায় ও প্রান্তিক রাজনৈতিক অভিজ্ঞতার ইতিহাস কীভাবে উপেক্ষিত বা আড়াল করা হয়। এর বিপরীতে অন্তর্ভুক্তিমূলক, উপনিবেশমুক্ত ও বহুস্বরিক ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সমাপনী আয়োজনের বিশেষ বাংলা অধিবেশন শেষে দুটি সৃজনশীল গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে একটি অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার রচিত এবং অন্যটি অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াসকে নিয়ে রহমান ম. মাহবুবের লেখা বই। এ পর্বে সম্মেলনের মূল প্রবন্ধ ও প্লেনারি বক্তাদের পাশাপাশি বিশিষ্ট সম্পাদক ও প্রকাশকেরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. রহমান ম. মাহবুব বলেন, “এ ধরনের সম্মেলন কেবল শিক্ষাবিদদের সমাবেশ নয়; বরং এটি এমন একটি অভিন্ন বুদ্ধিবৃত্তিক পরিসর, যেখানে বিভিন্ন শাস্ত্র, সংস্কৃতি ও চিন্তাধারার সীমানা অতিক্রম করে অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের পথ অনুসন্ধান করা সম্ভব।”
আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন ও আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।
সিটি ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, আইবিসি ফাউন্ডেশন এবং IDEAS: International Journal of Literature, Arts, Science & Culture-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিবিসি ২০২৬-এর লক্ষ্য ছিল সাহিত্য, সংস্কৃতি, ভাষা, মানবিক বিদ্যা ও বিজ্ঞানের মধ্যে আন্তঃবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।