ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন আজ (মঙ্গলবার)। প্রথম দিনে মনোনয়নপত্র নিয়েছেন সাত জন প্রার্থী।
মঙ্গলবার (১২ আগস্ট) প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এদিনের কার্যক্রম শেষে এ তথ্য জানান।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দুজন এবং সদস্য পদে পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে ১৮ আগস্ট পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীরা সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা ফরম ১৯ আগস্ট বিকাল ৩টার মধ্যে জমা দিতে হবে।
হল সংসদের মনোনয়নপত্রও একই সময়ের মধ্যে প্রার্থীরা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ ও জমা দিতে পারবেন।








