গৌরব-ঐতিহ্যে ১৮৬ বছরে ঢাকা কলেজ, আনন্দ র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৩

উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ঢাকা কলেজ। সময়ের দীর্ঘ পথ পেরিয়ে ইতিহাসের পাতায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত সাড়ে উনিশ একর জায়গাজুড়ে বিস্তৃত এই কলেজ। ‘নিজেকে জানো’ মূলমন্ত্রকে ধারণ করে ১৮৪১ সালের ২০ নভেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ।

রাষ্ট্রনায়ক, বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা ঢাকা কলেজে শিক্ষাগ্রহণ করে দেশ–বিদেশে রেখেছেন কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর। ইংলিশ সেমিনারি স্কুল (বর্তমান ঢাকা কলেজিয়েট স্কুল) ভবনের দ্বিতীয় তলার মাত্র তিনটি কক্ষ নিয়ে ঢাকা কলেজের যাত্রা শুরু হয়। কলকাতার বিশপ রেভারেন্ড ড্যানিয়েলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নকশা করেছিলেন কর্নেল গ্যাসটিন। খাঁটি ব্রিটিশ ঢঙ ও বিলাতি ঐতিহ্যের আদলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
 
১৮৪১ সালে ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হিন্দু কলেজের শিক্ষক জে. আয়ারল্যান্ডকে ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৮৪১ থেকে ১৮৪৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। 

ইতিহাস ঐতিহ্যের মোড়কে ঢাকা কলেজের যাত্রা 

সময়টা ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক পরেই ঢাকা কলেজকে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর ১৯০৩ সালে কলেজটিকে আধুনিক রূপে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় এবং ১৯০৪ সালে জমি অধিগ্রহণ করে নতুন ভবন নির্মাণ শুরু হয়।
 
ভিক্টোরিয়ান, মোগল ও বাংলার নিজস্ব স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত ভবনটি ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি উদ্বোধন করেন ভাইসরয় লর্ড কার্জন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে ১৯০৮ সালে ঢাকা কলেজ স্থানান্তরিত হয় বর্তমান কার্জন হল ও আশপাশের বিভিন্ন ভবনে। সেখানে গড়ে ওঠে বিজ্ঞান ভবন, ছাত্রাবাস এবং অধ্যাপকদের আবাসনসহ একটি পূর্ণাঙ্গ আবাসিক কলেজ ব্যবস্থা।
 
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ঢাকা কলেজ তার প্রায় সব স্থাবর–অস্থাবর সম্পদ, ভবন, ছাত্র, শিক্ষক, কর্মচারী, পাঠাগার, ল্যাবরেটরি, বইপুস্তক—এমনকি কার্জন হল ও শহীদুল্লাহ হলও ঢাকা বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করে। ফলে নতুনভাবে ঢাকা কলেজের ক্যাম্পাস নির্ধারিত হয় পুরাতন হাইকোর্ট ভবনে।
 
শেষ পর্যন্ত ১৯৫৫ সালে ঢাকা কলেজের বর্তমান ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু হয়। সে সময় ঢাকা কলেজের আয়তন ছিল ২৪ একর। তবে স্বৈরশাসক এরশাদ সরকারের সময়ে ৬ একর জমি ছেড়ে দিতে বাধ্য করা হয় কলেজকে। বর্তমানে ঢাকা কলেজের মোট জমির পরিমাণ ১৮.৫৭ একর।
 
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর জুলাই অভ্যুত্থান—প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে এ কলেজের শিক্ষার্থীরা ছিলেন সম্মুখ সারিতে। প্রায় ৩১ বছর আগে ১৯৯৩–৯৪ শিক্ষাবর্ষে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে গণতান্ত্রিক নেতৃত্ব চর্চার অন্যতম এই মঞ্চটি বন্ধ রয়েছে।
 
ঢাকা কলেজের বর্তমান পরিস্থিতি কী 
 
ঢাকা কলেজে বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠার শুরুতে মাত্র ৬টি বিষয়ে স্নাতক কোর্স থাকলেও এখন মোট ১৯টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে—বাংলা, ইংরেজি, প্রাণিবিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, ব্যবস্থাপনা, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, অর্থনীতি, আরবি ও ইসলামিক স্টাডিজ এবং দর্শন।

প্রতিষ্ঠার পর ঢাকা কলেজ প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি ডু’র অধিভুক্ততায় আসে। পরে ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত হলে ঢাকা কলেজকে সেখানে যুক্ত করা হয়। ২০১৭ সালে সাত কলেজসহ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও সেশনজট ও খাতা মূল্যায়ন সংকটসহ নানা সমস্যার সৃষ্টি হয়। এসব বিবেচনায় ২০২৫ সালের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার সেই অধিভুক্তি বাতিল করে। বর্তমানে ঢাকা কলেজ সহ রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত ঢাকা কলেজ।

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজের রয়েছে গৌরবময় ঐতিহ্য। এ প্রতিষ্ঠান শুধু আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতেই নয়; বরং দেশের বরেণ্য রাজনীতিবিদ, লেখক, কবি ও সাহিত্যিক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ৫২ ও ৭১-এর চেতনার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। অথচ পাঠ্যপুস্তকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিহাসের নিরপেক্ষতা নিশ্চিত করে সত্য ও ন্যায়ভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি মনে করেন, দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে। তবে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। 

র‍্যালিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পর্যায়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু, কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু
জোহানেসবার্গে ৯ উইকেটে হারলো বাংলাদেশ
জোহানেসবার্গে ৯ উইকেটে হারলো বাংলাদেশ
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক