কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, কসোভোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আলোচনায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ জন্য ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময় এবং দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়টিও গুরুত্ব পায়।
কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেছেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কসোভোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোয় রফতানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে কসোভোর লিগনাইট, তামা ও দস্তাসহ বিভিন্ন খনিজসম্পদ ঘিরে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও উঠে আসে।
এ ছাড়া কৃষি ও সেবা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং জনশক্তি খাতেও সহযোগিতা অব্যাহত রাখতে উভয় পক্ষ একমত হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।