সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম বলেছেন, ‘একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা চেষ্টা করলে কমানো যায়। যেই গ্যাপটা উচ্চ পর্যায়ে আরেকটু বেশি। প্রধানমন্ত্রী যখন সংসদে বললেন কোটা থাকবে না, এটা বলার আগে অবশ্যই উচিত ছিল আশেপাশে যারা আছেন উপদেষ্টা; তাদের সঙ্গে আলাপ করা। কোটা কি? রাখতে হবে না তুলে দিতে হবে? এটা যথাসময়ে প্রধানমন্ত্রীকে বোঝানোর দরকার ছিল। তখন যাদের দায়িত্ব ছিল, তারা যথাযথভাবে ব্রিফ করেননি।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটতে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
মোফাজ্জল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন, তারপর কিন্তু বিষয়টা ক্লোজ হয়ে গেলো। আর নতুন করে কোনও কথাই উঠলো না। যারা কোটা রাখার পক্ষে ছিল বিশেষ করে মুক্তিযোদ্ধার সন্তানেরা, তারা কিছুই করেনি। যদি এটা না মানেন, তাদের অবশ্যই এটা নিয়ে কথা তোলা উচিত ছিল। বলা উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রী এটা তুলে দেওয়া হয়তো ভুল হয়েছে, আপনি আরেকবার বিবেচনা করুন। এটা নিয়ে আবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে মৃদু আলোচনা হলো। কিন্তু সেটা কার্যকর কিছু ছিল না।’
মোফাজ্জল করিম বলেন, ‘কমিটি হয়ে গেলে পরে সেই কমিটির প্রাথমিক দায়িত্ব হলো সবার সঙ্গে কথা বলা। দুই মাস হয়ে গেলো কমিটি কিছুই করেনি, চুপচাপ বসে আছে। প্রজ্ঞাপন না আসুক, একটা আলোচনা করুক। এখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে, যেকারণে আলোচনা হয়নি। আলোচনা করা উচিত ছিল বুদ্ধিজীবীদের সঙ্গে, সিনিয়র সিটিজেনদের সঙ্গে; মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের সঙ্গে। তা না করে সুপারিশটা মন্ত্রিসভায় উত্থাপন করা হলো। মন্ত্রিপরিষদ সচিব যেটা করেছেন, সেটা সুপারিশ করেছেন। তারা হয়তো ভুল সুপারিশ দিয়েছেন, এটা বলতে পারেন। কিন্তু, কোটা বাতিলে তাদের দোষ দিয়ে লাভ নেই। কারণ সিদ্ধান্ত মন্ত্রিসভার।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।
বৈঠকির আরও খবর:
গণমানুষই মুক্তিযুদ্ধ করেছে: ছাত্রলীগ সভাপতি
সরকার পড়েছে এক ধরনের বিপাকে: আরিফ জেবতিক
মুক্তিযোদ্ধার সন্তান আর নাতিরা কি অনগ্রসর শ্রেণি?: মাসুদ কামাল
স্বাধীনতার ৪৭ বছরেও কোটার সঠিক বাস্তবায়ন হয়নি: আতিক বাবু
কোটা সংস্কার ও বহাল উভয় আন্দোলনেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে: রুহানী








