সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্তের পর ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২০, ১২:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৫:০২

স্বরাষ্ট্রমন্ত্রী, ফাইল ছবি কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্টের পর জানা যাবে কী ঘটেছিল। এই মুহূর্তে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি যা মন্তব্য করবো তাতেই একটি প্রভাব পড়বে। তাই এখনই কোনও মন্তব্য করতে চাই না।’

কোনও পুলিশ কর্মকর্তাকে এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেই আলাপ আলোচনা চলছে। তবে সবকিছুই তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়ায় মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে সিনহা রাশেদ খান নামে সাবেক ওই সেনা কর্মকর্তা নিহত হন।

পুলিশ জানিয়েছে, ওই সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত গাড়িতে করে অপর একজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া তল্লাশি চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে সেনা কর্মকর্তা বাধা দেন। এই নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে সেনা কর্মকর্তা রাশেদ গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সম্প্রতি জঙ্গি হামলার আশঙ্কা, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আইএস’র দায় স্বীকারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের স্লিপিং টিম রয়েছে। তবে তাদের নাশকতা ও হামলার দায় স্বীকারের বিষয়টি প্রচারণা। এগুলো তারা নিজেরাই করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন কিছু টের পেলে তাদের সেই বিষয়টিতে মনোযোগ দিতে হয়, এটা নিয়ম। তাই আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে অ্যাড্রেস করেছে।’

ঈদে নিরাপদে দেশবাসী ঈদ উদযাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে শান্তিপূর্ণভাবে ও অত্যন্ত নিরাপদে দেশবাসী পবিত্র ঈদুল আজহা পালন করেছেন। ফেরিঘাটগুলোতে মানুষের চাপ ছিল। পদ্মার স্রোত ও ভাঙনের কারণে আমরা মাওয়া ফেরিঘাট বন্ধ করতে বাধ্য হয়েছি। মানুষের নিরাপত্তার স্বার্থেই।’

দেশের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম