টিকা গ্রহণের সংখ্যা বাড়াতেই কি বুস্টার ডোজ?

জাকিয়া আহমেদ
১৯ ডিসেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫:১১

দেশে আজ রবিবার (১৯ ডিসেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা কার্যক্রম। প্রাথমিকভাবে চিকিৎসক, নার্স, ষাটোর্ধ্বসহ গণমাধ্যমকর্মীদের কয়েকজনকে দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। বুস্টার ডোজ দেওয়ার জন্য ফাইজারের টিকা নির্ধারণ করা হয়েছে।

অধিদফতর সূত্র জানায়, বুস্টার ডোজ হিসেবে ফাইজারকে বেছে নেওয়ার জন্য বিশেষ কোনও নির্দেশনা ছিল না। পৃথিবীর বেশিরভাগ দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, এ বিষয়টি বিবেচনায় নিয়েই স্বাস্থ্য অধিদফতর ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ বিশ্বজুড়েই কমে আসায় যে স্বস্তি এসেছিল, তাতে বিঘ্ন ধরিয়েছেন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। নতুন ধরনটি বিশ্বজুড়ে অস্বাভাবিক গতিতে ছড়িয়ে পড়ছে। তবে ওমিক্রনে শনাক্তরা গুরুতর বা অস্বাভাবিকভাবে অসুস্থ হচ্ছেন না জানালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা উদ্বেগের ভ্যারিয়েন্ট বলে আখ্যা দিয়েছে।

শুধু যুক্তরাজ্যেই ১৫ হাজারের মতো ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নতুন করে বিধিনিষেধের পথে হাটছে বরিস জনসন সরকার। এদিকে শনিবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে, ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন দিনে স্থানীয়ভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণ দেড়গুণ বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। বিশ্বে এখন পর্যন্ত ৮৯টি দেশে ওমিক্রন স্ট্রেইনের উপস্থিতি মিলেছে।

আর ওমিক্রণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। যদিও বিশ্বের যেসব দেশে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, সেসব দেশ মোট জনগোষ্ঠীর বিষয়ে গুরুত্বারোপ করে। তারই অংশ হিসাবে আমাদের দেশেও বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও দেশে বুস্টার ডোজে এখনি না যাওয়ার পরামর্শ ছিল টিকা বিষয়ক ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ নাইট্যাগ-এর।

কমিটি বলছে, দেশের ২৪ শতাংশের কিছু বেশি মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে, সেখানে বুস্টার ডোজ দেওয়ার যৌক্তিকতা কোথায় এটা নাইট্যাগ বুঝতে পারছে না।

বুস্টার ডোজ নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ১৯ ডিসেম্বর থেকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তবে প্রথম দিনে কতজনকে টিকা দেওয়া হবে সেটা তার জানা নেই।

তিনি বলেন, ‘বুস্টার ইনিশিয়েট করতে হবে-এটা সোজা কথা। তবে রবিবার দেওয়া হবে খুব ডিফাইন মানুষকে। সেখানে চিকিৎসক, নার্সসহ হেলথ কেয়ার প্রোভাইডাররা যেমন থাকবেন; তেমনি ষাটোর্ধ্ব, সাংবাদিকসহ থাকবেন ফ্রন্টলাইনাররা।’

সাধারণ মানুষের জন্য বুস্টার ডোজ কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে ডা. আহমেদুল কবীর বলেন, ‘রবিবার দেওয়ার পর প্রতিটি টিকাদান কেন্দ্রে নির্দেশনা চলে যাবে।’

কিন্তু দেশে টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি কোভিশিল্ড দিয়ে। এই টিকাই দেশে বেশি মানুষকে দেওয়া হয়েছে। তাদেরও ফাইজারের টিকা দিয়েই বুস্টার দেওয়া হবে।

এ ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচ (প্রথম ও দ্বিতীয় ডোজ এক কোম্পানি এবং পরবর্তী টিকা অন্য কোম্পানির) ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। কিন্তু যখন ভারত কোভিশিল্ড টিকা রফাতানিতে নিষেধাজ্ঞা দেয়, তখন এই টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় টিকার জন্য অপেক্ষায় থেকেছেন লাখ লাখ মানুষ।

মিক্স-ম্যাচ টিকার বিষয়টি তখনই প্রথম আলোচনায় আসে।

এখন মিক্স-ম্যাচ টিকার সিদ্ধান্ত কিসের ভিত্তিতে হলো জানতে চাইলে অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘এখন বিশ্বজুড়েই কিছু তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ফাইজারের টিকায় ‘বুস্ট আপ’ বেশি হয়। যদিও এসব স্টাডিগুলো এখনও চলমান।’

‘ওমিক্রন চলছে এখন, সামনে আরও ভ্যারিয়েন্ট আসবে। বিশ্বজুড়েই চিন্তা করা হচ্ছে, যাদের ইতোমধ্যেই অ্যান্টিবডি কমে গেছে তাদের যেকোনও একটি টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া। তাদের অ্যান্টিবডি যদি না বাড়ে তাহলে কিন্তু তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে’, বলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিকমেন্ডেশন কী জানাতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব কিছু হওয়ার পর গবেষণা করে তারা রিকমেন্ডেশন দেয়। কিন্তু তাদের এই রিকমেন্ডেশনের আশায় বসে থাকলে মানুষ মরে যাবে। তাই এখন উন্নত দেশগুলো যা করছে, সেভাবেই আমাদের কাজ করতে হচ্ছে।’

‘তবে টিকা নিয়ে আমাদের খুব স্ট্রং বডি নাইট্যাগ। নাইট্যাগের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ বলেও জানান তিনি।

কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে যাদের মোট জনসংখ্যার বিশাল জনগোষ্ঠী টিকার পূর্ণ ডোজের আওতায় এসেছেন, আমাদের দেশে এখনও সেটা হয়নি প্রশ্নে আহমেদুল কবীর বলেন, ‘যে জনগোষ্ঠী স্বতস্ফূর্তভাবে টিকা নিয়েছিল, তারা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ) হয়ে গেছে, তাদের বুস্টার ডোজ দিতে হবে এবং সেইসঙ্গে সমানতালে টিকার নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

‘কেউ টিকা নেয়নি বলে যারা টিকা ইতোমধ্যেই নিয়েছেন তাদের ঝুঁকিতে আমি ফেলতে পারি না’, বলেন তিনি।

নাইট্যাগ কবে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে জানতে চাইলে কমিটির সদস্য ও স্বাস্থ্য অধিদফতরের সার্বিক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাইট্যাগ মত বদলায়নি, আগের মতোই আছে।’

তবে বলা হয়েছে, যদি বুস্টার দিতে চায় তাহলে এ প্রক্রিয়ায় দেওয়া যাবে।

অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ‘বুস্টার ডোজ দিয়ে ১০ শতাংশ মানুষের সুরক্ষা হতে পারে, এক ডোজ দিয়ে ৪০ শতাংশ আর দুই ডোজ দিয়ে ৮০ শতাংশ মানুষের সুরক্ষা হয়।’

বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমত, অন্য দেশে বুস্টার দেওয়া হচ্ছে, সেখানে আমাদের দেশেও বুস্টার ডোজের তালিকায় চলে গেলো। দ্বিতীয়ত, যেহেতু এখন টিকার প্রথম ডোজ নিতেও মানুষের অনাগ্রহ তৈরি হয়েছে, তাতে করে টিকার এক্সপায়ার ডেট বা মেয়াদের একটি বিষয় রয়েছে। সেইসঙ্গে টিকা গ্রহীতার সংখ্যা যদি বাড়ানো যায়, তাহলে দেশে কত কোটি ডোজ টিকা দেওয়া হলো বা কত মানুষ টিকার আওতায় এসেছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্জন হিসেবে দেখানো হবে।’

‘কিন্তু সেখানে বুস্টার ডোজ, নাকি প্রথম নাকি দ্বিতীয় সেটা বলা হবে না, থাকবে টিকার সংখ্যাটা,’ বলেন তিনি।

এখন পর্যন্ত দেশে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৮২ লাখ ১ হাজার ৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৬০৭ জন। অর্থাৎ ১১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৬৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম