দুই সিটিতে ভোট: শেষ হলো প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ২০:১৫আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০০:১৫

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত ১২টায় শেষ হলো প্রচার-প্রচারণা। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে প্রচারণার নিষেধাজ্ঞা বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোটগ্রহণ।

সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থানে রয়েছে ইসি। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে এরইমধ্যে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে সংস্থাটি। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এ নির্বাচনে চাহিদার তুলনায় বেশি ফোর্স দেওয়া হয়েছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেওয়া হবে।

ইসির তথ্যানুযায়ী, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্যপদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্যপদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, সাতটি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনের ভোট হবে ইভিএমে। আর অন্য নির্বাচনগুলোর কিছু ইভিএমে ও বাকিগুলো ব্যালটে হবে। 

ময়মনসিংহ সিটির ভোট

ময়মনসিংহ সিটি করপোরেশনে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯ জন। এ সিটিতে সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি। ভোটকেন্দ্র ১২৮টি ও ভোটকক্ষ ৯৯০টি।

এখানে মেয়র পদে প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী মাত্র একজন। জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগে কাউকে মনোনয়ন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রেখেছে। সিটিতে টেবিল ঘড়ি নিয়ে লড়াইয়ে আছেন বর্তমান মেয়র ইকরামুল হক, ঘোড়া প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হাতি মার্কায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কী এবং হরিণ প্রতীক নিয়ে কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কমিশনার পদে ৬৯ জন লড়ছেন।

এ সিটিতে ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে। নির্বাচনে ৩৩টি মোবাইল ফোর্স, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবেন। এর বাইরে র‌্যাবের ১৭টি টিম ও ৭ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকছেন।

কুমিল্লা সিটির ভোট

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ওই বছরের ৭ জুলাই রিফাত মেয়রের দায়িত্ব নেন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়। এরপর ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। পরে গত ২২ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৮২, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৪ এবং হিজড়া ২ জন। ভোটকেন্দ্র ১০৫টি ও ভোটকক্ষ ৬৪০টি।

কুমিল্লায় সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। বিএনপি থেকে বহিষ্কার দুই নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি) এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজামুদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক) নিয়ে নির্বাচন করছেন। আর আওয়ামী লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস) এবং নগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর তানিম (হাতি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

এ সিটিতে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।  এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে। নির্বাচনে ২৭টি মোবাইল ফোর্স, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও দুটি রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবে। এর বাইরে র‌্যাবের ২৭টি টিম ও ১২ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকছে।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম