জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের বিভিন্ন দাবির ওপর আনা সব ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করেছে বিরোধী দল। সংসদের মূল্যবান সময় বাঁচানোর কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনের বিকালের বৈঠকে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা শুরুর আগে স্পিকারের অনুমতি নিয়ে তিনি প্রস্তাব প্রত্যাহারের আবেদন জানান। পরে স্পিকার তা মঞ্জুর করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলো গৃহীত হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের মূল্যবান সময় বাঁচাতে তারা সব ছাঁটাই প্রস্তাব একসঙ্গে প্রত্যাহার করতে চান।
তিনি বলেন, ‘আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি। কিন্তু কোনোটিই গৃহীত হতে দেখিনি। রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে আমরা আমাদের দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে চাই। এতে সরকারি দলের কাজও সহজ হবে।’
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ট্রেজারি বেঞ্চ বিষয়টি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রী দাবি উত্থাপনের পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেওয়া হবে।
এরপর স্পিকার দাবি নম্বর ৩৪ উত্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।









