পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত পথে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২২:১৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২২:৪৩

গণভোটের রায় বাস্তবায়ন না করে এবং সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর কার্যকারিতা হারাতে দিয়ে সরকার পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত সংস্কারের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও সংসদে তুলে ধরেন তিনি। এসব সংকট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন আহ্বানের আবেদন উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলি শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। পরে সরকারি বিল উত্থাপনের প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

শত শত কারখানা বন্ধ, বিদ্যুৎ-গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

দেশের সমসাময়িক নানা সংকট তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানি সংকট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে দেশে বর্তমানে শত শত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে কেবল শিল্পমালিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং কোটি কোটি শ্রমিক কর্মসংস্থান হারিয়ে চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছেন।

একইসঙ্গে পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। অনভিপ্রেত বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি অতিরিক্ত ‘ভুতুড়ে বিল’ পরিশোধ করতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ অধিবেশন আহ্বানের আবেদনেও সাড়া মেলেনি

দেশের তীব্র জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে জরুরি অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল বলে সংসদে জানান বিরোধীদলীয় নেতা। তবে সেই চিঠির কোনও ইতিবাচক জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

গণভোটের রায় মানা হয়নি

গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ নির্বাচন অনুযায়ী সংসদ আহ্বান করা হলেও গণভোটের জন্য সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি।

তিনি বলেন, গণভোটের রায় মানা তো হয়নি, উল্টো ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি ল্যাপস করে দেওয়া হয়। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন—এ মৌলিক বিষয়গুলো ছিল। যেগুলো ঠিক না হলে ফ্যাসিবাদ থেকে দেশ মুক্তি পাবে না।

তিনি আরও বলেন, ‘এখন আমরা দেখছি যে সেগুলো আস্তে আস্তে বিভিন্ন কায়দায় সরকারি দল এখানে নিয়ে আসছে।

সংস্কারের মূল দাবিকে চাপা দেওয়ার পক্ষে নই

সংসদে সরকারি তিনটি বিল উত্থাপনের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিলগুলো সেদিন শুধু উত্থাপনের জন্য আনা হলেও এর মধ্য দিয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়াকে তিনি সংস্কারের মূল দাবিকে পাশ কাটানোর উদ্যোগ হিসেবে দেখছেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি, সেটাকেই চাপা দেওয়া হবে। তো আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো এবং স্পষ্ট অবস্থান আমাদের। আমরা এখান থেকে সরিনি।

বেসরকারি দিবসে সরকারি বিল ভালো নজির হবে না

বৃহস্পতিবার সংসদে বেসরকারি সদস্য দিবস উল্লেখ করে তিনি বলেন, আজকে এখানে যেভাবে সরকারি বিল উত্থাপন করা হচ্ছে, এটা বোধহয় কোনও ভালো নজির হবে না। সংসদকে ঠেলে একতরফাভাবে, একপেশে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নীতিগতভাবে এই ধরনের বিলে অংশ নিতে চাচ্ছি না।

বিরোধী দলের পক্ষ থেকে আনা জনস্বার্থ-সংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ নোটিশের কোনও আলোচনা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আমরা পুরো সংস্কার চাই

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা পুরো সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এভাবে কোনও খণ্ডিত প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় অংশগ্রহণ করবো না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি।

এরপর বিরোধীদলীয় সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। তাদের অনুপস্থিতিতে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়। পরে বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ তিনটি বিল উত্থাপিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে অজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস
এবার পুলিশের মামলার আসামি ২৯০ গ্রামবাসী, পুরুষশূন্য কয়েক গ্রাম
এবার পুলিশের মামলার আসামি ২৯০ গ্রামবাসী, পুরুষশূন্য কয়েক গ্রাম
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন