বাণিজ্য নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া নগরের বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কার, খাল খনন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি সড়ক, কালভার্ট, ফুটওভার ব্রিজ ও খেলার মাঠ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল খনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে নগরের ২৫টি খাল থেকে আবর্জনা ও মাটি উত্তোলনসহ ১ হাজার ৬০০ কিলোমিটার সার্ভিস ড্রেন পরিষ্কার এবং ড্রেনে জমে থাকা মাটি ও আবর্জনা অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে এসব কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ ছাড়া নগরের আরও ৩২টি খাল থেকে আবর্জনা ও মাটি উত্তোলন এবং অপসারণের কার্যক্রম চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাভুক্ত ৩৬টি খাল রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া প্রকল্পের বাইরে আরও ২১টি খাল খনন ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৪৮ কিলোমিটার রাস্তা, দুটি কালভার্ট ও ছয়টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া দুটি খেলার মাঠের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আরও ছয়টি খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।









