আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭

নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। 

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বুধবার সকালে ইউরোপ থেকে ৪৪ বাংলাদেশি ফেরত এসেছেন। তাদের সবাইকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

শরিফুল হাসান বলেন, ‘লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম। এভাবে সমুদ্রপথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। অর্থাৎ ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফলাফল শূন্য। অথচ মানুষ ভাবছে যেমন তেমনভাবে ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান। এই ভ্রান্ত ধারণা ভাঙতে হবে।’ 

শরিফুল জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। তাই বিদেশগামীদের আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যেতে হবে।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।

ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাঁদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অপরদিকে ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
দূর দেশে থেকেও পরিবারের ভরসা, প্রবাসীদের দায়িত্ববোধের উদ্‌যাপন আজ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সর্বশেষ খবর
টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ‘ব্যাংকে জমা দিয়েছি’ বলছেন পিডিবি প্রকৌশলী
টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ‘ব্যাংকে জমা দিয়েছি’ বলছেন পিডিবি প্রকৌশলী
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণের বিরোধিতা ১২ মার্কিন সিনেটরের
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান