আদিবাসী শব্দকে বিকৃত করে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ করা হয়েছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২২:৩২

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী শব্দটিকে বিকৃত করে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ বলে আখ্যায়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বিপ্লবী লারমা: তুমি চির দীপ্যমান প্রজন্ম থেকে প্রজন্মে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্য রাখছেন মেনন অনুষ্ঠানে মেনন বলেন, ‘১৯৭২ সালে সংবিধান রচনা করার সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দানের একটা সুযোগ ছিলো, কিন্তু তা করা হয়নি। পরবর্তী সময়ে বেশ কয়েকবার সংবিধান সংশোধন করার মাধ্যমে সেই ভুল সংশোধন করার করার সুযোগ এলেও আমরা তা করতে পারিনি। যার কারণে শান্তি চুক্তি সম্পাদনের পরও পাহাড়ি জনপদ সুস্থির হয়নি, অস্থির রয়ে গেছে।’

আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘যারা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দুশ্চিন্তামগ্ন এবং ভাবেন তাদের বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক। তাই সেখানকার সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।’

স্মরণসভা শুরু হওয়ার আগে প্রয়াত এই বিপ্লবী নেতার শহীদ স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্র সংগঠন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর পরে মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় জাতীয় কমিটির পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঈষানী চক্রবর্তী।

কমিটির যুগ্ম আহ্বায়ক রোবায়েত ফেরদৌসের পরিচালনায় ও কবি মুহাম্মদ আসাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মাকসুদ, প্রফেসর সাদেকা হালিম, রোকেয়া কবীর, জেএসএস’র শক্তিপদ ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক সঞ্জীব দ্রং। পরে মাদল এবং সমগীতের বিপ্লবী সাংস্কৃতিক পরিবশেনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে মেনন

স্বাগত বক্তব্যে কমিটির যুগ্ম আহ্বায়ক সঞ্জীব দ্রং বলেন, ‘বাংলাদেশে যখন সংবিধান রচনা করা হয় তখন আমরা মনে করেছিলাম এ সংবিধান হবে পৃথিবীর অন্যতম সুন্দর, ধর্মনিরপেক্ষ, শ্রেণিহীন সংবিধান। কিন্তু যে সংবিধান আমরা পেয়েছি তা বাংলাদেশে বসাবাসরত জাতিগত ও ধর্মীয় সংখ্যলঘু, আদিবাসীদের কথা বলেনা।’

নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, ‘গণতান্ত্রিক দেশে কৃষক, শ্রমিক, আদিবাসীদের অধিকার থাকবে।’ মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন দেশের প্রথমসারির রাজনৈতিক বিপ্লবী বলেও মন্তব্য করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘তার আন্দোলন ছিলো দেশের নিপীড়িত নির্যাতিত সকল মানুষের অধিকারের জন্য।’

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন ছিলো শোষণহীন, শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠা করা।’

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ‘আদিবাসীদের স্বকীয়তা, স্বাতন্ত্র্যতাকে সংরক্ষণ করতে না পারলে পৃথিবীর যে ইতিহাস সে ইতিহাসের সাথে বেঈমানি করা হবে।’

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফিনহার ইনজুরি নিয়ে সর্বশেষ জানা গেলো 
রাফিনহার ইনজুরি নিয়ে সর্বশেষ জানা গেলো 
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন