গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী নিজের খাস কামরায় এই আসামির জবানবন্দি রেকর্ড করেন।
এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ মিয়া। তিনি জানান, জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর দুই দফা রিমান্ড শেষে রাশেদকে বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে রাশেদের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, গত ২৮ জুলাই নাটোরের সিংড়া থেকে পুলিশ গ্রেফতার করে রাশেদকে। ওইদিন তাকে আদালতে হাজির করলে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে দ্বিতীয় দফায় ৫ আগস্ট আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন-
জঙ্গি আস্তানায় আহমেদ ইমতিয়াজ অমির ৩৭২ দিন
শাহজালালে দরজার লকের ভেতর থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার
/এসআইটি/টিআর/








