সাময়িক বরখাস্ত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটার (নির্বাচকমণ্ডলী) হতে পারবেন না। তবে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের কোনও জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত হলে জেলা পরিষদে ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ইসির উপসচিব আব্দুল হালিম খানের সই করা পরিপত্রে বলা হয়— সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাময়িক বরখাস্ত হলে তাদের পদ শূন্য হওয়ার বিধান নেই। ফলে সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা, পৌরসভার মেয়র ও কাউন্সিলররা সাময়িক বরখান্ত হলেও জেলা পরিষদ নির্বাচনে নির্বাচকমণ্ডলীর সদস্য হতে তাদের আইনি কোনও বাধা নেই।
অপরদিকে, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী, পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বা সদস্যরা সাময়িক বরখাস্ত হলে তাদের সংশ্লিষ্ট পদটি শূন্য হওয়ার বিধান রয়েছে। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সাময়িক বরখাস্ত হলে তাদের জেলা পরিষদ নির্বাচনে নির্বাচকমণ্ডলীর সদস্য হওয়ার আইনি কোনও সুযোগ নেই।
ইসির পরিপত্রে সাময়িকভাবে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নাম অন্তর্ভুক্তরণ না করে নির্বাচকমণ্ডলীর ভোটার তালিকা প্রণয়নের নিদের্শণা দেওয়া হয়।
প্রসঙ্গত, সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা পরোক্ষভাবে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন।









