জুলাই বিপ্লবে হামলাকারী ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন পাঁচ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় অনশনে বসেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে জুলাই বিপ্লবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে আপাতত ২৪ ঘণ্টার অনশন করছেন তারা। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের গ্রেফতারের নিশ্চয়তা দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। ২৪ ঘণ্টার মধ্যে সেই নিশ্চয়তা না দিলে অনশন চলতে থাকবে।
অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০-২১ সেশনের আশিকুর রহমান জিম, মো. রেদোয়ানুল ইসলাম, রেজোয়ান আহমদে রিফাত। এছাড়াও রয়েছেন সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ইমাম হোসেন ইমন, বীরশ্রেষ্ঠ মুন্সি রব পাবলিক কলেজ সোহাইল মাহদিন।
আশিকুর রহমান জিম বলেন, ‘জুলাই বিপ্লবে সময় হত্যাযজ্ঞ চালানো চিহ্নিত সন্ত্রাসীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার দাবিতে আমরা অনশনে বসেছি। এর মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের গ্রেফতারের নিশ্চয়তা না দেন তাহলে আন্দোলন চলমান থাকবে।’
রেজোয়ান আহমের রিফাত বলেন, ‘আমরা দেখছি, বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। শামীম ওসমানসহ বেশ কয়েকজনকে আমরা পালিয়ে যেতে দেখেছি। আমাদের কথা হলো, বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তারা কতজনকে গ্রেফতার করেছে সে তথ্য আমাদের জানা নেই। সেনাবাহিনী দায়িত্বে থাকা অবস্থায় তারা কীভাবে পালিয়ে যাচ্ছে? সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছে কিনা, পালিয়ে যেতে সহায়তা করছে কিনা, সেগুলো আমরা জানতে চাই। আমাদের দাবি হলো, এক সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলায় জড়িত সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে।’









