কুমুদিনী ফার্মার অর্ধশতাধিক কর্মীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ক্যাটালিস্টা টিম। শুক্রবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, কুমুদিনী ফার্মাকে মূলধারার ওষুধ কোম্পানি করতে নতুন সিওও প্রশান্ত দাশ 'ক্যাটালিস্টা' নামে একটি ইনোভেটিভ টিম তৈরি করে। ২২-২৩ বছর যে কোম্পানিটি লস করে আসছিল, নতুন সিওও আসার প্রায় এক বছর পরেই (জানুয়ারি ২০২৪ থেকে) কোম্পানি লাভ করতে থাকে। সম্প্রতি ষড়যন্ত্র করে তাকে বাদ দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ক্যাটালিস্টা টিমের প্রধান উপদেষ্টা মো. সানোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, সেপ্টেম্বর মাসের শুরুতে ১১ জন কর্মকর্তা কর্মচারীকে অফিসে ডেকে নিয়ে অথবা ওভার টেলিফোনে চাকরি থেকে বাদ দেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর ৩১ জনকে বিনা নোটিশে, আবার কাউকে ৫-৬ দিনের নোটিশে বরখাস্ত করা হয়। কুমুদিনী ফার্মার ক্যাটালিস্টা টিম অবৈধভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্যদের জেনারেল টিমে বদলি করা হয়। এভাবে প্রায় ১০০ জন কর্মীর স্বপ্ন চুরমার করাসহ ৪২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়, যা সম্পূর্ণ অবৈধ এবং ফ্যাসিস্ট আচরণের শামিল।
বৈষম্যবিরোধী ক্যাটালিস্টা টিমের প্রধান সমন্বয়ক আতিক হাসান বলেন, কুমুদিনী ট্রাস্টের দুর্নীতিবাজ এক এমডি ও কিছু কর্মকর্তা ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ক্যাটালিস্টা টিম কমপক্ষে এক বছর চালু রাখতে হবে। তা না হলে এক বছরের বেতন, ভাতা দিতে হবে।
৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে পরবর্তী সময়ে হেড অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়।









