বোস-আইনাইস্টাইন তত্ত্বের শতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ এবং বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেসের যৌথ উদ্যোগে ৭-১০ নভেম্বর ‘সেনটেনিয়াল সেলিব্রেশন অব বোস- আইনস্টাইন স্ট্যাটিসটিকস: এ লিগেসি অব ঢাকা’ শীর্ষক ৪-দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হবে।
এতে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসহ আমেরিকা, ব্রাজিল,ভারত,পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন বিদেশি স্কলার। কনফারেন্স স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী বিজ্ঞানী উইলিয়াম ডেনিয়েল ফিলিপস।
মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা।
অধ্যাপক সাইমা হক বিদিশা বলেন, এটি খুবই ভালো উদ্যোগ, আমরা সব সময়ই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আরও বেশি এই ধরনের আয়োজনের বিষয়ে আমরা আশাবাদী।
অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, বোস-আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ নভেম্বর মিন্টো রোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী পর্ব শেষে আগামী ৮-১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের তাৎপর্য সম্পর্কে অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেন, বিজ্ঞানী সত্যেন বোসের অবিস্মরণীয় কৃতিত্ব বোস-আইনস্টাইন তত্ত্বের আবিষ্কার, যা পরবর্তীকালে কোয়ান্টাম স্টাটিস্টিক্সের জন্ম দেয়। বিশ্বব্যাপী সমাদৃত এই তত্ত্বের জন্ম কার্জন হলে হয়েছে। এই ঐতিহাসিক তথ্য আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এই মাটিতে বসেও বিশ্ববরেণ্য কাজ করা সম্ভব, আসন্ন আয়োজন শিক্ষার্থীদেরকে এমন শিক্ষাই দেবে।








