রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইব্রাহিম (২২), মুন্না (১৯), সজল (২০), আনোয়ার (১৮), আকাশ (১৯), নুরুজ্জামান (২০), মো. রওনাক (২৩), নয়ন (২২), মো. সাফি (২৫), মো. সাইম (২১), মো. রাসেল (১৯), রবিউল ইসলাম বাবু (২২), সজীব (২০), রবিন (২০), মো.সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) মো. আলাল হোসেন (১৮), মো. মালেক (২৮) ও আলামিন (২২)।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।’
তিনি বলেন, ‘তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নিদের্শনায় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, আদাবর থানার ভারপ্রাপ্তসহ থানার চৌকস দল ও যৌথবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে।’
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিসি।









