যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে শূন্যতা

কমিটির মেয়াদ শেষ পাঁচ বছর আগে, নেতারা ব্যস্ত দেশে নির্বাচনি দৌড়ে

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ মে ২০২৫, ০৫:০৪আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:০৪

যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতৃত্বের দেশে অবস্থান এবং দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনটি কার্যত স্থবির হয়ে পড়েছে। বর্তমানে সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ—উভয়েই বাংলাদেশে অবস্থান করছেন এবং নিজ নিজ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন।

নিয়ম অনুযায়ী, দলের শীর্ষ নেতারা বিদেশে গেলে কাউকে লিখিতভাবে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যাওয়ার কথা থাকলেও, এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে জানিয়েছেন সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী পাপ্পু। তার ভাষায়, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার দেশে নির্বাচনি কাজে ব্যস্ত থাকায় দলীয় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যদি লিখিতভাবে কাউকে দায়িত্ব দিয়ে যেতেন, তাহলে দলকে আরও গতিশীল রাখা যেতো।’

এম এ মালেক বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী। তিনি নির্বাচনি এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, কয়সর এম আহমদ বিএনপির কেন্দ্রীয় সদস্য হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকও এখন দেশে অবস্থান করছেন।

২০১৮ সালে গঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। অথচ এখনও নতুন কমিটি গঠনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২০২৪ সালের এপ্রিল মাসে জোনাল কমিটির সদস্যদের যাচাই-বাছাই সম্পন্ন হলেও শীর্ষ পদে কারা আসছেন—সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল বলেন, ‘যুক্তরাজ্য বিএনপি বিদেশের একটি শক্তিশালী ইউনিট। হাসিনা-বিরোধী আন্দোলনে এ সংগঠনের ভূমিকা ছিল প্রশংসনীয়। অনেকে পরিবার রেখে দিন-রাত কাজ করেছেন। আমি আশা করি, ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের সময় দায়িত্বশীলরা ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন।’

তবে ভিন্নমতও রয়েছে। যুক্তরাজ্য বিএনপির একজন তৃণমূল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একই নেতৃত্বে সাত বছর ধরে দল চলছে। আমরা শুধু আন্দোলনের ছবি-ভিডিও দেখে যাচ্ছি। অনেকেই কেবল দেশে গিয়ে নির্বাচনি পদ পাওয়ার আশায় যুক্তরাজ্য বিএনপিকে ব্যবহার করছেন।’

স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহীন বলেন, ‘তারেক রহমান ১৬ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে আছেন। তিনি এখানকার সবাইকে চেনেন এবং কে দলের জন্য কী করেছেন, তা ভালোই জানেন। পদ পাওয়ার আশায় কেউ কেউ অগ্রিম প্রচারণা চালাচ্ছেন, কিন্তু আমরা বিশ্বাস করি প্রকৃত ত্যাগী নেতারাই মূল্যায়িত হবেন।’

বিশ্লেষকদের মতে, একটি সংগঠন শক্তিশালী থাকতে হলে নিয়মিত কাঠামোগত রদবদল, গণতান্ত্রিক প্রক্রিয়া ও বিকল্প নেতৃত্ব গড়ার চর্চা থাকতে হয়। যুক্তরাজ্য বিএনপির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একই কমিটি কার্যকর থাকায় তা সাংগঠনিক স্বচ্ছতার প্রশ্ন তুলছে।

কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হতে পারে—সে বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষার্ধেই নেতৃত্বে বড় পরিবর্তন দেখা যেতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের