গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্বাস আলী সরকার (৩০) নামে এক যুবক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের মোশারফ সরকারের ছেলে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে (১৭ জুলাই) স্ত্রী রহিমা বেগম তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন আছেন।
আহতের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী পেশায় অটোরিকশাচালক। বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে সদর এলাকার চৌরঙ্গী লঞ্চঘাট (কোর্টের সামনে) দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে, অবস্থা আশঙ্কাজনক









