ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে ৬০ কোটি টাকা ব্যয়ে তুরস্কের স্থাপত্যশৈলিতে আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মিত হবে। রবিবার (১০ আগস্ট) সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. আ ফ ম খালিদ বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটের তহবিলে বর্তমানে ৯০ কোটি টাকার বেশি জমা রয়েছে। ১০তলা বিশিষ্ট আধুনিক ইসলামিক কমপ্লেক্সে মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, মিলনায়তন ও অতিথিশালার ব্যবস্থা থাকবে।
উপদেষ্টা জানান, প্রতিদিন এ মসজিদে মানত, দান ও সদকা হিসেবে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন দ্রব্য আসে, যা নিলামে বিক্রি করা হয়। তবে একটি চক্র সক্রিয় থাকায় নায্যমূল্যে বিক্রি সম্ভব হয় না। এ জন্য প্রতিদিনের নিলাম প্রক্রিয়াকরণের জন্য একটি সাব-কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, তহবিলের মুনাফা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায়, বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী, গবিব শিক্ষার্থী, অনাথ-এতিম ও বিধবাদের কল্যাণে ব্যয় করার সুযোগ আছে।
এ সময় ওয়াকফ প্রশাসক নূর আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জামিয়া এমদাদিয়ার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে, উপদেষ্টা নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।









