রাজশাহীর মোহনপুরে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হিমাগারে ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১২ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির এলআইসি শাখার তথ্যপ্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্ত করার পর রাজশাহী জেলা ও মেট্রো পুলিশের একটি বিশেষ দল গত কয়েকদিনে ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণাগোপাল গ্রামের মফজেল হোসেনের ছেলে মো. সাজেদুল ইসলাম এবং শাহজাদপুর উপজেলার বেনোটিয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. রুবেল।
সিআইডি সূত্র জানায়, গত ৭ আগস্ট রাত দেড়টার দিকে প্রায় ৩০-৩৫ জনের একটি ডাকাত দল মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া গ্রামের ‘দেশ কোল্ড স্টোরেজ (প্রা.) লিমিটেড’-এর প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা গেটে থাকা দুই নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে গ্যারেজে ফেলে রাখে। এরপর কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে ঘুমন্ত ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে রাখে।
ডাকাতরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ, আলমারি ও লেবার সর্দারের রুম ভাঙচুর করে। এসময় গোলআলু সংরক্ষণের ভাড়া বাবদ নগদ ৩ লাখ ৩৩ হাজার টাকা, মূল্যবান যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ মোট প্রায় ৬৩ লাখ টাকার মালামাল লুট করে। পরে ঘটনাস্থল থেকে একটি ট্রাকে করে এসব মালামাল নিয়ে যায়।
ঘটনার পর একই দিন মোহনপুর থানায় ডাকাতি ও অস্ত্র ব্যবহার সংক্রান্ত মামলা দায়ের করা হয়। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সিআইডি মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সিআইডি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।








