পুরান ঢাকার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আকাশ চন্দ্র সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া থানা পুলিশ ভাট্টিখানার ওই মেস থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত আকাশের রুমমেট ইশতিয়াক বলেন, “আমার পরীক্ষার জন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দিই।”
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। এরপর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
তিন আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









