রাজধানীর কামরাঙ্গীচরে বালতির পানিতে পড়ে ফারজানা নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে বাসার লোকজন দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা ওমর ফারুক জানান, ঘটনার সময় তার স্ত্রী সাহিদা আক্তার ময়না বাসায় কাজ করছিলেন। আর তিনি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। শিশুটি কখন যে হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে গেছে কেউ খেয়াল করেনি। বেশ কিছু সময় যখন শিশুটির কোনও শব্দ পাচ্ছিলেন না তারা। পরে খুঁজাখুঁজি করে দেখতে পান, শিশুটি বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে।
ফারুক বলেন, “সব সময় বাথরুমের দরজা বন্ধ রাখতাম। আজ খোলা ছিল।” এই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামের ওমর ফারুকের একমাত্র মেয়ে ফারজানা। ওমর ফারুক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে কামরাঙ্গীচর চাঁন মসজিদের পাশের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় পরিবারের নিয়ে থাকেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”