রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক আবাসন ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তেলপারটেক গ্রামের কালামিয়া চৌধুরীর ছেলে। সপরিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন জাকির। এ সময় ‘সাকুরা’ নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
নিহতের ছোট ছেলে আফাজ উদ্দিন জানান, তার বাবা রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। কিন্তু, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, “ঘাতক বাস জব্দ ও এর হেলপারকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।”









