দেশে আটকে পড়া কুয়েত প্রবাসী যাত্রীদের সেই দেশে ফেরত নিতে বিকল্প প্রস্তাব দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিক) চিঠি আকারে এ প্রস্তাব দিয়েছে তারা। প্রস্তাবে তারা কুয়েতগামী যাত্রীদের সৌদি বিমানবন্দর ব্যবহার করে সেখান থেকে বাসে করে কুয়েতে নেওয়ার কথা বলছে।
কুয়েত এয়ারওয়েজের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ। তিনি বলেন, “আমরা কুয়েত এয়ারওয়েজের পক্ষ থেকে চিঠি পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন।”
চিঠিতে যা বলা হয়েছে
এ অঞ্চলে চলমান ঘটনাবলীর বৃদ্ধি এবং বিমান নিরাপত্তা সতর্কতার কারণে কুয়েত সমস্ত বিমান পরিবহন ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় আমাদের জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ শীতকালীন এবং গ্রীষ্মকালীন মৌসুমে সৌদি আরবের বিমানবন্দরগুলো থেকে বাংলাদেশ প্রজাতন্ত্রের সঙ্গে তাদের পরিষেবা পরিচালনা চালিয়ে যাবে।
যাত্রী এবং বাজারের চাহিদা মেটাতে, বর্তমান পরিস্থিতি সমাধান ও কুয়েত আন্তর্জাতিক বিমানববন্দর চালু না হওয়া পর্যন্ত এ পরিষেবা চালানো হবে।
উল্লেখিত ফ্লাইটগুলো পরিচালনার জন্য কুয়েত এয়ারওয়েজকে প্রয়োজনীয় অনুমোদন এবং সহায়তা দিলে আমরা কৃতজ্ঞ থাকবো।
বিষয়টি নিয়ে বেবিচকের কর্মকর্তারা বলছেন, কুয়েত এয়ারওয়েজের এ প্রস্তাব গুরুত্বের দেখা হবে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক ফ্লাইট বাতিল হয়ে যায়। মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত মোট ৫৭৫ ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে আজই বাতিল করা হয় ২৬টি ফ্লাইট।









