রাজধানীর সদরঘাটে দুটি লঞ্চের মাঝে পড়ে ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তির নাম মিরাজ (৫২)।
তিনি একই দুর্ঘটনায় নিহত সোহেলের বাবা। দুর্ঘটনায় সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবি আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, নিখোঁজ মিরাজের সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস সদরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে তার কোনও খোঁজ মেলেনি।
তিনি আরও বলেন, শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় আবারও তল্লাশি কার্যক্রম চলছে। নৌ পুলিশও এতে অংশ নিয়েছে।
বুধবার বিকালে মিরাজ তার ছেলে ও পুত্রবধূকে নিয়ে একটি ট্রলারে করে মাঝ নদীতে থাকা লঞ্চে উঠতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ এবং ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারটি চাপা পড়ে।









