নতুন মামলায় গ্রেপ্তার হয়ে খায়রুল হক আবার কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৮:০২ আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:০২

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে আদালতে তোলা হয়। চার ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর শুনানি শেষে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার সকাল ১১টার দিকে হাজতখানা থেকে এবিএম খায়রুল হককে পুলিশি পাহারায় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হুইলচেয়ারে করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তোলা হয়। কয়েকজন পুলিশ সদস্য হুইলচেয়ারের হাতল ধরে সিঁড়ি দিয়ে তাকে এজলাসে নিয়ে যান।

এদিন আদালতকক্ষ ছিল আইনজীবীতে পরিপূর্ণ। এসময় তীব্র গরমে সাবেক এই প্রধান বিচারপতিকে অস্বস্তিতে দেখা যায়, ফ্যান চললেও কয়েকজন আইনজীবী ফাইল দিয়ে তাকে বাতাস করছিলেন। এজলাসে বিচারক উপস্থিত না থাকায় প্রায় পৌনে ১ ঘণ্টা হুইলচেয়ারে অপেক্ষা করার পর কোনো শুনানি ছাড়াই তাকে আবার হাজতখানায় নিয়ে যাওয়া হয়। 

পরে দুপুর ৩টার দিকে আবার আদালতে তোলা হলে প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন গ্রেপ্তারের বিরোধিতা করেন। খায়রুল হকের পক্ষে আরও শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শামীম হায়দার চৌধুরী।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার আবেদনের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, ছাত্র-জনতাকে গুলি করে হত্যার পেছনে তার সম্পৃক্ততা রয়েছে, এমন তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া গেছে। এজাহারে নাম না থাকলেও তদন্তকারী কর্মকর্তার তদন্তে খায়রুল হকের সম্পৃক্ততা উঠে এসেছে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠার পথ তৈরি করা হয়েছিল এবং সে কারণে তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়।

জবাবে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, ৮১ বছর বয়সী খায়রুল হক আন্দোলন দমাতে রাস্তায় নামার মতো অবস্থায় ছিলেন না। তিনি সবসময় পুলিশ পাহারায় থাকতেন। ফলে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রশ্নই আসে না। 

এছাড়া আপিল বিভাগ থেকে তিনি সাতটি মামলায় জামিন পেয়েছেন এবং তাকে হয়রানি না করার নির্দেশও রয়েছে বলে আদালতকে জানান তারা।

এর আগে গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল এই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য শনিবার দিন ধার্য করেছিলেন।

আবেদনে বলা হয়, মামলার তদন্তে খায়রুল হকের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খোবাইব (২০) যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে অবস্থানকালে পুলিশ, র‌্যাব, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন। নিহতের ভাই জোবায়ের আহম্মেদ গত বছরের ১৬ নভেম্বর মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।

এর আগে গত ১৭ মে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেন।

উল্লেখ্য, পৃথক পাঁচ মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ মে তার ছেলে আইনজীবী আশিক উল হক রিট আবেদন করেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
সর্বশেষ খবর
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা, আরও ৩ জন গ্রেফতার
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরেক জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
প্রেমিককে মৃত ভেবে নদীর পাড়ে ফেলে গেলো প্রেমিকার ভাড়া করা বন্ধুরা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি