পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ৩৮০ জন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে বিষয়টি জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৪ হাজার ৫৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২০ হাজার ৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন হাজিকে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ৭১৬ জন।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭০টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৪১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়।
চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।
হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।








