ইনকিলাব মঞ্চের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্যের এই কমিটিতে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব করা হয়েছে। একইসঙ্গে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে সংগঠনটির আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচন করা হয়।
মঞ্চের দফতর সম্পাদক রায়হান আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ডিসেম্বরে শহীদ হন ওসমান হাদি। সে সময় তিনি সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র ছিলেন। তার সঙ্গে সদস্যসচিবের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল জাবের। এবার তিনি সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পেলেন।
নতুন সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করতে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাব্বিরকে এবং সদস্যসচিব করা হয়েছে মাসুদুর রহমান আদনানকে। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।







