দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় রাপা প্লাজা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ডিএসসিসির অদক্ষ কর্মী সুশীল চন্দ্র রবিদাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ডিএসসিসির স্বাস্থ্য শাখার ওয়ার্ড-১৫, অঞ্চল-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোন পরিদর্শনকালে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকারী দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের ক্ষেত্রে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেমন বরদাশত করা হবে না, তেমনই দায়িত্ব পালনে গাফিলতি করা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নগরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ স্থাপনা, পার্কিং, ছাদ, নির্মাণাধীন স্থান ও আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।








