নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সড়ক সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাসের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্যরা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।
বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের জন্য ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় আরও ১০০টি বাস দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সড়ক সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী সড়ক সোজা করার ব্যবস্থা রাখা হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দফতর-সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এদিকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।