ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, মালয়েশিয়ায় ঝুঁকিতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি

সাদ্দিফ অভি, কুয়ালালামপুর থেকে ফিরে
২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০

মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করায় ঝুঁকিতে রয়েছেন দেড় লাখেরও বেশি বাংলাদেশি। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই কারখানা, নির্মাণ সাইট, রেস্তোরাঁ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করায় প্রতিদিনই দেশটির অভিবাসন বিভাগের ধরপাকড়ে গ্রেফতার হচ্ছেন তারা। বড় অঙ্কের অর্থ খরচ করে দালালদের আশ্বাসে অনেকেই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন। সেখানে গিয়ে বৈধ হওয়ার স্বপ্ন দেখলেও বাস্তবে তাদের দিন কাটছে লুকিয়ে থাকা অবস্থায় আতঙ্ক, আর গ্রেফতার হওয়ার ভয়ে।

ট্যুরিস্ট ভিসা আসলে সোশ্যাল ভিজিট পাস— যাতে দিয়ে ঘুরে বেড়ানো, আত্মীয়ের সঙ্গে দেখা করা বা সামাজিক কাজ করা যায়, কিন্তু কোনো বেতনের কাজ বা ব্যবসা করা যায় না। এই শর্ত ভঙ্গ করা মানে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর ধারা ৩৯(বি) অনুযায়ী অপরাধ। এ জন্য শাস্তি হিসেবে ১০ হাজার রিংগিত পর্যন্ত জরিমানা, পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে থেকে যাওয়া আরও বড় অপরাধ হিসেবে গণ্য হয়, যেখানে কমপক্ষে ১০ হাজার রিংগিত জরিমানা, পাঁচ বছর পর্যন্ত জেল বা দুটোই হতে পারে। একইসঙ্গে রয়েছে ডিটেনশন ক্যাম্পে রাখা, দেশে ফেরত পাঠানো ও ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ট্যুরিস্ট ই-ভিসা সাধারণত সিঙ্গেল এন্ট্রি এবং সর্বোচ্চ ৩০ দিনের জন্য দেওয়া হয়। আর চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ৩১টি দেশের জন্য মাল্টিপল-এন্ট্রি সুবিধা সীমিত করা হয়েছে। ভিসা থাকলেই যে ঢোকা যাবে, এমন নিশ্চয়তাও নেই। কারণ মালয়েশিয়ায় আসার আগে তিন দিনের মধ্যে ফ্রি এমডিএসি পূরণ করতে হয় এবং বিমানবন্দরে হোটেল বুকিং, ফেরত টিকিট ও পর্যাপ্ত টাকা দেখাতে না পারলে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

মালয়েশিয়ার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভিজিট পাসের অপব্যবহারের মাধ্যমে  কাজ করার অভিযোগে ১৫ হাজার ৩৪৯ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিরা। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের শুরু পর্যন্ত ভিজিট পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই ছিল সর্বোচ্চ, ৫৩২ জন। অভিবাসন বিভাগ এখন অপস মেগা, অপস সেরকাপ, অপস গেগারের মতো বড় অভিযান নিয়মিত চালাচ্ছে। আর কারখানা, নির্মাণ সাইট, রেস্তোরাঁ, মার্কেট— এমনকি বিমানবন্দরেও তল্লাশি হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৪২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্যও পাওয়া গেছে। 

তথ্য বলছে, ২০২৬ সালের মে পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষকে এনফোর্সমেন্ট অভিযানে আটক করা হয়েছে— এর মধ্যে ২৩০০-  এর বেশি ছিল ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগ। দেশটিতে অবৈধ কোনও শ্রমিক রাখলে মালিকও ছাড় পান না। আইন অনুযায়ী, মালিকের ১৫ হাজার থেকে এক লাখ রিংগিত জরিমানা ও দুই থেকে ১০ বছর জেল পর্যন্ত হতে পারে। এই অভিযোগে কোনও মালিক ধরা পড়লে অনেক সময় শাস্তি থেকে নিজে বাঁচতে তারা শ্রমিককেই ফাঁসিয়ে দেন।

মালয়েশিয়ায় সেবা খাতে কর্মরত  প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক অভিযানগুলোতে এই ঝুঁকির চিত্র স্পষ্ট। সেলাঙ্গরের শাহ আলম ও ক্লাং-এর দুটি কারখানায় অপস মেগা অভিযানে মোট ২৭০ জন কাগজপত্রহীন শ্রমিক আটক হন। তাদের মধ্যে ১৯১ জনই ছিলেন বাংলাদেশি। পেরাকের চেমরের কানথান ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে দুটি রাবার গ্লাভস কারখানায় রাতের অভিযানে ৭৯ জন বাংলাদেশি গ্রেফতার হন। কর্তৃপক্ষের দাবি, তারা ভিজিট পাসের অপব্যবহার করছিলেন এবং কেউ কেউ মেয়াদ শেষের পরও থেকে গিয়েছিলেন। কুয়ালালামপুর বিমানবন্দরে এক অভিযানেই ১২৩ জন বাংলাদেশিকে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকা, সন্দেহজনক হোটেল বুকিং ও ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার না করতে পারেই ছিল এর কারণ।  আরেক অভিযানে আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

কুয়ালালামপুরের জালান চান সো লিনে অপস সেরকাপে ১১টি প্রাঙ্গণে একসঙ্গে অভিযান চালিয়ে মোট ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশির বিরুদ্ধে জাল ই-পিএলকেএস ও জাল পুলিশ রিপোর্ট বানানোর চক্র চালানোর অভিযোগ আনা হয়। বাকি ১৯ জনের মধ্যে ১৬ জন বাংলাদেশি বিভিন্ন অভিবাসন অপরাধে আটক হন।

কুয়ালালামপুরে থাকা শ্রমিকরা জানান, ট্যুরিস্ট ভিসায় যেতে খরচ কম মনে হলেও পরে জাল পারমিট, স্পেশাল পাস, ডিটেনশন থেকে ছাড়ানো, দেশে ফেরতের টিকিট ও জরিমানা মিলিয়ে খরচ বৈধভাবে যাওয়ার চেয়ে অনেক বেশি পড়ে যায়। অনেক সময় মালিক বেতন আটকে রাখেন। কারণ তিনি জানেন অবৈধ শ্রমিক পুলিশের কাছে যেতে পারবে না। আর এই কারণে বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও অতিরিক্ত কাজ করানোর মতো শোষণ বেশি হয়।

দেশটিতে বৈধ ওয়ার্ক পারমিট না থাকলে সাধারণত বৈধ চুক্তি, বিমা ও চিকিৎসা সুবিধা থাকে না। কারখানায় দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ পাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি ডিটেনশন ক্যাম্পে মাসের পর মাস আটকে থাকার ঘটনাও ঘটে। ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালয়েশিয়ায় কাজ করা মানে প্রতিদিন গ্রেফতার, জরিমানা, জেল, ডিটেনশন, ব্ল্যাকলিস্ট ও দেশে ফেরতের ঝুঁকি নিয়ে থাকা। কখনোই দালালের দেওয়া ‘পারমিট হয়ে যাবে’, এই আশ্বাসে আইন বদলায় না। 

শ্রমিক আটকের এই পরিসংখ্যানের পেছনে রয়েছে প্রতিদিনের আতঙ্কে থাকা মানুষের গল্প। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক, যিনি সেলাঙ্গরে একটি কারখানায় কর্মরত, তিনি বলেন, দালাল বলেছিল ট্যুরিস্ট ভিসায় যাওয়ার এক মাসের মধ্যে পারমিট করে দেবে। কিন্তু আট মাস হয়ে গেলেও পারমিটের কোনো খবর নেই। তার ভাষায়, কারখানায় কাজ করলেও রাস্তায় পুলিশ দেখলেই বুক কাঁপে, ধরা পড়লে সব শেষ, দেশে ফেরত, আর টাকাও শেষ।

কুয়ালালামপুরে একটি নির্মাণ সাইটে কাজ করা আরেক বাংলাদেশি মো. মিজান বলেন, ‘‘সকালে কাজে যাওয়ার সময় মনে হয়— আজই শেষ দিন, সাইটে অভিযান হলে দৌড়ানোরও জায়গা থাকে না। মালিক বলেছেন, ধরা পড়লে তিনি চিনবেন না। আর দুই মাসের বেতনও আটকে আছে।’’ এই শ্রমিক বলেন, ‘‘চাইলেই পুলিশের কাছে যাওয়া যায় না, কারণ তিনিই (মালিক) তো অবৈধ।’’

পেনাংয়ে একটি রেস্তোরাঁয় কাজ করা আরেক যুবক বলেন, ‘ঘুরতে এসেছি’ বলে ঢুকেছিলেন, কিন্তু এখন রেস্তোরাঁয় ১৪ ঘণ্টা কাজ করেন, এক রুমে আটজন থাকেন। অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতেও ভয় লাগে, যদি পাসপোর্ট চেয়ে বসে। বাড়িতে মা-বাবাকে জানিয়েছেন, ভালো আছেন, কিন্তু রাতে ঘুম হয় না।

দেশে ফিরে আসা একজন কর্মী কায়সার আলম জানান, ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলাম। বিমানবন্দর থেকে ছাড় পেয়েছিলাম ঠিকই। কিন্তু ২০ দিন পর কারখানা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘‘ডিটেনশন ক্যাম্পে ২৭ দিন ছিলাম। দেশে ফিরতে নিজের টাকায় টিকিট কিনতে হয়েছে। এখন পাসপোর্টে ব্ল্যাকলিস্ট। বৈধভাবে আর যেতে পারবো কিনা জানি না।’’

জোহর বারুতে থাকা আরেকজন জানান, অনেকে জাল পারমিটের পেছনে আরও দুই থেকে তিন লাখ টাকা দিয়েছেন, পরে জেনেছেন ওইটা জাল। জাল পারমিট নিয়ে ধরা পড়লে আরও বড় মামলা হয়। তার ভাষায়, এখন তিনি বুঝতে পারছেন দালালের কথা শুনে ভুল করেছেন। বৈধভাবে না আসলে মালয়েশিয়ায় কোনো ভবিষ্যৎ নেই।

খরচের হিসাবে বড় ফাঁদ

খরচের হিসাবেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। সরকারিভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ই-ভিসার খরচ মাত্র ১২৫ রিংগিত, বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৮০০ টাকা। এর মধ্যে ২০ রিংগিত ভিসা ফি, আর ১০৫ রিংগিত প্রসেসিং ফি। এজেন্সির মাধ্যমে করলে সার্ভিস চার্জসহ এই খরচ পড়ে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকার মতো। কিন্তু কাজের আশায় যারা দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় যান, তাদের কাছ থেকে নেওয়া হয় অনেক গুণ বেশি টাকা। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, ট্যুরিস্ট ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং,  আর মালয়েশিয়ায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক দালাল ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নিয়ে নেন। এরপর সেখানে গিয়ে পারমিট করিয়ে দেওয়ার নামে আরও ২ থেকে ৩ লাখ টাকা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে সেই পারমিট পরে জাল বলে ধরা পড়ে।

মালয়েশিয়ায় একটি হোটেলে কাজ করা একজন প্রবাসী বাংলাদেশি বলেন, ‘‘তিন মাস হলো ট্যুরিস্ট ভিসায় এখানে এসেছি। প্রতিদিন আতঙ্কের মধ্যে থাকি যে, কখন জানি পুলিশ আসে। ধরা পড়লে সব টাকা মাইর। এখন যে টাকা আয় করি, তা থেকে কিছু দেশে পাঠাতে পারি।’’  

মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালয়েশিয়ায় ২০২৪ সালের জুন থেকে কলিং ভিসা বন্ধ হলেও দেশটিতে কাজের চাহিদা বন্ধ হয়নি। সে সময় মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ সাইট, রেস্তোরাঁ, বাগান আর সার্ভিস খাতে লোক দরকার ছিল। আর বাংলাদেশে তখন লাখ লাখ যুবক বিদেশে যাওয়ার জন্য বসেছিলেন। অনেকের ঋণ করা টাকা, জমি বিক্রির টাকা দালালের হাতে চলে গেছে। প্রবাসীরা জানান,  বৈধ পথ বন্ধ হলেও চাহিদা আর হতাশা খোলা থাকলেই তো দালালের বাজার জমে ওঠে। এই শূন্যতাকেই কাজে লাগিয়েছে অসাধু চক্র। তারা মানুষকে বোঝাতে শুরু করলো, কলিং ভিসা বন্ধ তো কী হয়েছে। ট্যুরিস্ট ভিসায় যাও, গিয়ে কাজ শুরু করো, পরে পারমিট করে দেবো।

তাদের মতে, ট্যুরিস্ট ভিসার কদর বাড়ার পেছনে তিনটা সহজ কারণ ছিল। প্রথমত, ট্যুরিস্ট ভিসা পাওয়া তুলনামূলক সহজ ও দ্রুত। কলিং ভিসার জন্য চাকরির চাহিদাপত্র, মেডিক্যাল, প্রশিক্ষণ, সরকারি ছাড়পত্র, দীর্ঘ অপেক্ষা করতে হয়। ট্যুরিস্ট ই-ভিসার জন্য সেসব লাগে না। সরকারি খরচ মাত্র ১২৫ রিংগিত, বাংলাদেশি প্রায় ৩ হাজার ৮০০ টাকা। এজেন্সির মাধ্যমে করালেও ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে হয়ে যায়।

দ্বিতীয়ত, দালালরা এই সহজ ভিসাকেই প্যাকেজ বানিয়ে ফেললো। তারা ট্যুরিস্ট ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং দেখানো, আর মালয়েশিয়ায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একসঙ্গে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নিতে শুরু করল। মানুষ ভাবলো, বৈধ পথে সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা দিয়ে যাওয়ার চেয়ে ট্যুরিস্টে যাওয়া তাড়াতাড়ি হবে, ঝামেলা কম হবে।

তৃতীয়ত, মালয়েশিয়ায় আগে থেকে থাকা কিছু মালিক ও দালালও এই ব্যবস্থায় সুবিধা পেলো। বৈধ শ্রমিক নিতে হলে চুক্তি, বেতন, বিমা, লেভি দিতে হয়। ট্যুরিস্ট ভিসায় আসা শ্রমিককে কম বেতনে, বেশি ঘণ্টা খাটানো যায়। বেতন আটকে রাখলেও সে পুলিশের কাছে যেতে পারে না।

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন বাঙালি কমিউনিটির এমন একজন  নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘কলিং ভিসা বন্ধের আড়ালে ট্যুরিস্ট ভিসা হয়ে গেলো নতুন কলিং ভিসা। ফেসবুক, ইউটিউব, টিকটকে ছড়িয়ে পড়লো— ট্যুরিস্টে গিয়ে পারমিট, ট্যুরিস্টে গিয়ে কাজ, এক মাসে বৈধ, এমন বিজ্ঞাপন। অনেকেই না বুঝে সেই ফাঁদে পা দিলেন। কেউ বিমানবন্দরেই ধরা পড়ে দেশে ফেরত এলেন। কেউবা কারখানায় ঢুকে কয়েকদিন পর অভিযানে ধরা পড়লেন। কেউ আবার জাল পারমিটের পেছনে আরও ২ থেকে ৩ লাখ টাকা দিয়ে ফৌজদারি মামলায় জড়িয়ে গেলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
ভিসা নিয়ে যে সতর্কতা দিলো মার্কিন দূতাবাস
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালো পাচারকারীরা, উদ্ধার ২৮
সর্বশেষ খবর
‘মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন হতে পারে এই দুই তরুণ’
‘মেসির পর আর্জেন্টিনার স্বপ্ন হতে পারে এই দুই তরুণ’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ, যা বললেন ডাকসু ভিপি
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগ, যা বললেন ডাকসু ভিপি
আজও হতে পারে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
আজও হতে পারে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা