তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর

এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০৯

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক কালো অধ্যায় তাজরীন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। সেই দিন পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল পুরো এলাকা।

কারখানাটিতে এক হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় কর্মরত ছিলেন ৯৮৪ জন। মরদেহ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ওই ঘটনায় আহত হন দুই শতাধিক শ্রমিক। তাঁদের অনেকেই এখনও মানবেতর জীবনযাপন করছেন।

অগ্নিকাণ্ডের ১৪ বছর পরও সেই দিনের দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে বেঁচে ফেরা শ্রমিকদের। শরীরে বয়ে বেড়াচ্ছেন আগুনের ক্ষত, সঙ্গে রয়েছে শারীরিক যন্ত্রণা ও সংসারের অভাব-অনটন। নিশ্চিন্তপুরের সেই ভবনের আশপাশেই বসবাস করছেন তাদের অনেকে। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশায় দিন কাটছে তাদের। অন্যদিকে, একসময় কর্মক্ষম এসব শ্রমিকের অনেকেই এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।

তাজরীন ট্র্যাজেডিতে আহত শ্রমিকদের একজন রেহেনা বেগম। অগ্নিকাণ্ডের দিন কারখানার তিনতলা থেকে লাফ দিয়ে পড়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। ঘাড়ের হাড়ও ফেটে যায়। এরপর থেকে শারীরিক যন্ত্রণা আর অভাব-অনটনের মধ্যে দিন কাটছে তার।

সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রেহেনা বেগম বলেন, ‘সেদিনের দুর্ঘটনা আমি আজন্ম মনে রাখবো। কারণ আমি প্রতিনিয়ত সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। আগুন লাগার পর আমি তিনতলা থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আমার ঘাড়ের হাড় ফেটে যায়। আমার বোন, বোনের স্বামী, আমার ভাগিনাসহ পরিবারের চার সদস্য তাজরীনের আগুনে অঙ্গার হয়েছে। শুধু দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আমি।’

তিনি বলেন, ‘আমাকে আইএলও থেকে মাত্র ৪ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু কোনও সুচিকিৎসা পাইনি। যে টাকা পেয়েছিলাম সেগুলো চিকিৎসার পেছনেই ব্যয় হয়ে গেছে। পরে জমি বিক্রি করে আমার চিকিৎসা করেছি। এখন আমি অক্ষম। কোনও কাজ করতে পারি না। আমার সন্তানের লেখাপড়া করাতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না।’

ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা পাওয়ার পরও তার জীবনযাত্রার উন্নতি হয়নি বলে জানান রেহেনা। তিনি বলেন, ‘ঘটনার ১৪ বছর অতিবাহিত হলেও এখনও কারও শাস্তি হলো না। আমরাও বিচার পেলাম না। যাই হোক, এখন আর এসব বলে লাভ নেই। আমরা এখন কেবল সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। সন্তান নিয়ে একটু ভালো থাকতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, তবে ভিক্ষা চাই না।’

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের পোশাকশিল্পের জন্য একটি বিভীষিকাময় দিন। ওই ঘটনায় আগুনে পুড়ে ১১৭ জন শ্রমিক মারা যান এবং অন্তত দুই শতাধিক আহত হন। এখন পর্যন্ত তাদের কোনও ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, তা কেবল সহযোগিতা।

তিনি বলেন, প্রতিটি আহত শ্রমিক ও নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, যাতে তারা সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ পান। পাশাপাশি তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত সেখানে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। ওই হাসপাতালে সব শ্রমিকের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অগ্নিকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান অরবিন্দু বেপারী।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সমঝোতা ছাড়াই বৈঠক শেষ, মঙ্গলবার ফের বসছে মজুরি বোর্ড
জুলাইয়ের মামলার আসামি যুবলীগ নেতাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, সমালোচনা
লালবাগে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত
সর্বশেষ খবর
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার পর মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম