নারীর সুস্থতা, আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে হোটেল রেনেসাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াও উইমেন ওনিং ওয়েলনেস’-এর দ্বিতীয় পর্ব। ২৬ নভেম্বর আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডা. তাওহিদা রহমান ইরিন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘উইসপারস অব সেরেনিটি: হার ভয়েস, হার স্টোরি, হার আইডেন্টিটি’। নারীর নিজস্ব কণ্ঠস্বর, জীবনের গল্প, স্বতন্ত্র পরিচয় এবং অন্তর্নিহিত শক্তিকে সম্মান জানানোই ছিল এবারের আয়োজনের মূল দর্শন।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারী, সফল ও অনুপ্রেরণাদায়ী নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। সংগীত, সংস্কৃতি, গণমাধ্যম, ফ্যাশন, চিকিৎসা, জনস্বাস্থ্য, আইন, করপোরেট এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নারীরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের পেশাগত অভিজ্ঞতা, জীবনবোধ ও অর্জনের মধ্য দিয়ে উঠে আসে নারীর বহুমাত্রিক পরিচয় এবং সমাজে তার গুরুত্বপূর্ণ অবদানের চিত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী আবিদা সুলতানা, প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তোরশা, বিশিষ্ট টেলিভিশন প্রযোজক ফরিদা লিমা, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. ফারজানা নাহিদ, ব্রডকাস্ট জার্নালিস্ট রুকাইয়া জহির প্রমুখ।